ওঙ্কার ডেস্ক : আবহাওয়ার খামখেয়ালিপনা লেগেই রয়েছে। নভেম্বরের শুরুর দিকে কিছুটা শীতের আমেজ অনুভূত হলেও মাসের শেষে এসে শীত উধাও দক্ষিণবঙ্গে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ডিসেম্বর থেকেই শীত পড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণেই শীত পড়ছে না দক্ষিণবঙ্গে। অন্যদিকে হাওয়া অফিস তরফে জানানো হচ্ছে, মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা আরও কিছুটা নামার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শহর কলকাতার তাপমাত্রা নেমে আসতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়াও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে পূর্বাভাস রয়েছে। ফলে রাত-ভোরে শীত অনুভব করবে দক্ষিণবঙ্গবাসী। চলতি সপ্তাহের শুরু থেকেই কুয়াশার দাপটও বাড়বে রাজ্য ।
অপরদিকে উত্তরবঙ্গে কয়েকদিনে তাপমাত্রা কিছুটা নেমেছে। সোমবার দার্জিলিং-এর কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বাদবাকি জেলাগুলি শুষ্কই থাকবে।
