ওঙ্কার ডেস্ক: বিক্ষিপ্ত বৃষ্টি জারি রয়েছে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার কালবৈশাখী এবং ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিকেলের দিকে কয়েকটি জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা ।
মূলত নদীয়া এবং মুর্শিদাবাদ জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে- হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।
শনিবার ও রবিবার ঝড়-বৃষ্টির পর সোমবার কমতে পারে ঝড়-বৃষ্টি। মঙ্গলবার থেকে ফের পরিষ্কার থাকবে আকাশ। বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে মনে করছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত ভবে ভারী বৃষ্টি চলছে উত্তরের কিছু কিছু জেলায়। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস।
