ওঙ্কার ডেস্ক: নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি লেগেই রয়েছে। বৃহস্পতিবার থেকে আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ উড়িষ্যা এবং দক্ষিণ ছত্রিশগড়ের উপর সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার জেরে ফের একবার বঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়, এছাড়াও কলকাতার সহ দক্ষিণের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্র থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, নদিয়া, ঝড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এইসব জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবারের পর শুক্রবার একই রকম পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা।
