ওঙ্কার ডেস্ক: মাঘ শেষে তাপমাত্রার ওঠা-নামা লেগেই রয়েছে রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিনে আবারও নেমেছে পারদ। এরই মধ্যে আবার রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
আপাতত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে আপাতত একইরকম তাপমাত্রা বজায় থাকার কথা জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে প্রায় সব জেলাতেই।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে । কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। দার্জিলিং-এ তুষারপাতের পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
