ওঙ্কার ডেস্ক: ডিসেম্বরের শুরু থেকেই রাজ্যে জকিয়ে শীত পড়ার পূর্বাভাস থাকলেও এখনও পর্যন্ত সেই ভাবে ঠান্ডা পরেনি দক্ষিণবঙ্গে। তবে সকাল-সন্ধ্যা ঢাকছে কুয়াশার চাদরে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দু’দিনের মধ্যেই হঠাৎ করে ঠান্ডা বাড়বে রাজ্যে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট বেশি লক্ষ্য করা যাবে। কুয়াশার দাপট বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রিরও নিচে নেমে যেতে পারে। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গের শহর কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও নদীয়ার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠান্ডার সাথে সাথে বাড়বে কুয়াশার দাপটও।
অন্যদিকে উত্তরবঙ্গের ইতিমধ্যেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে ঠান্ডা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে ঘন কুয়াশার পূর্বাভাস।
