অর্পিতা মুখার্জী, কলকাতা: উৎসব শেষ, কিন্তু আকাশের মেজাজ এখনও বদলায়নি। কালীপুজো কেটে গেলেও বৃষ্টির চোখরাঙানি রয়েই গেল।
মঙ্গলবার দুপুরে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পরের দু’-তিন ঘণ্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের চার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি নামতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা আর পূর্ব মেদিনীপুরে বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। বজ্রবিদ্যুতেরও আশঙ্কা আছে। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভিজতে পারে নদিয়াও। তবে কোথাও ভারী বর্ষণের আশঙ্কা আপাতত নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে হালকা থেকে বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি আর কালিম্পঙে হালকা ঝড়বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বড় কোনও দুর্যোগের আশঙ্কাও নেই।
তবে ভাল খবর হল, বুধবার থেকে হাওয়ার গতিপথ বদলাতে পারে। ভাইফোঁটার দিন রাজ্যের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। অর্থাৎ মঙ্গলবার বিকেলটা ভিজে কাটলেও, ভাইফোঁটার দিনটা শুকনোই থাকার সম্ভাবনা।