ওঙ্কার ডেস্ক: দক্ষিণবঙ্গের আকাশজুড়ে এখনও কালো মেঘের ঘনঘটা। কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিন দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাই চতুর্থীর দিন প্যান্ডেল হপিং-এ বেরিয়ে পড়তেই পারেন, তবে মনে করে সঙ্গে রাখবেন একটি ছাতা। আবহাওয়া দফতর সূত্রে খবর, পুজোর সময় আবারও নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। ফলে এদিন বেশি বৃষ্টি না হলেও পঞ্চমী থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে । ষষ্ঠী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
ষষ্ঠীর দিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সপ্তমীতে বৃষ্টি কিছুটা কমবে। এরপর অষ্টমীতেও রয়েছে দুর্যোগের পূর্বাভাস। অষ্টমীর দিন বঙ্গোপসাগরে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা হয়েছে। এই ঘূর্ণাবর্তের জেরে নবমীর রাত থেকে বৃষ্টি বাড়তে পারে। দশমীতেও পরিস্থিতি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে পুজো কদিন ভালোই থাকবে আবহাওয়া বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর কোচবিহার জেলায়। এরপর শনিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
