নিজস্ব সংবাদাতা : বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। হাতে মাত্র আর কয়েকটা মাস। আর এই নির্বাচনকে পাখির চোখ করে রণকৌশল ঠিক করতে ঘুঁটি সাজাচ্ছে বঙ্গ বিজেপি। সূত্রের খবর, বৃহস্পতিবার নির্বাচনী প্রস্তুতি বৈঠকে বসতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। রাজ্যের বাছাই করা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন ভূপেন্দ্র যাদব, বিপ্লব কুমার দেবরা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা।
জানা যাচ্ছে, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেবের সঙ্গে বৈঠকে থাকবেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক সুনীল বনশালও। বৈঠক হবে সল্টলেকের বিজেপির দলীয় কার্যালয় লাগোয়া একটি ভবনে।আগামী ৩ রা অক্টোবর কয়েকটি বৈঠক করেন ভূপেন্দ্র যাদবরা। এরপর ফের বৈঠকে বসছে বিজেপি। তা নিয়েই এখন জোরদার চর্চা গেরুয়া শিবিরের অন্দরে। বিজেপি সূত্রের খবর, বৃহস্পতিবার চারটি ভাগে বৈঠক হতে পারে। প্রথমটি বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক হবে। পরে এই বৈঠকে যোগ দেবেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকরা। পরবর্তীতে আরও কয়েকজন বাছাই করা নেতৃত্ব বৈঠকে যোগ দেবেন।
বিজেপি সূত্রে খবর, ভোটের রণকৌশল ঠিক করতে বৈঠকে আলোচনা হবে। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ঠিক কি, বুঝে নেওয়া, রাজ্যজুড়ে যেসব নেতৃত্ব কাজ করছেন তাঁদের সঙ্গে পরিচয়পর্বও চলবে। বৈঠকের মধ্য দিয়ে পরিস্থিতি বুঝে ঝাড়াই বাছাই করে নির্বাচনী কমিটিও তৈরি করতে পারেন ভূপেন্দ্র যাদবরা। এদিকে রাজ্যে SIR করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এই পেক্ষাপটে বিজেপির এই বৈঠক তাৎপর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
