নিজস্ব সংবাদদাতা : সব জল্পনা, তর্ক-বিতর্কের অবসান ঘটিয়ে মঙ্গলবার প্রকাশিত হচ্ছে খসড়া ভোটার তালিকা। যাঁরা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন তাঁরা এদিন বেলা বারোটার পর নিশ্চিত হতে পারবেন। এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর গত চারদিন ধরে চলেছে সেই তথ্য বিশ্লেষণ করার কাজ। শেষ মুহূর্তে চলছে তার আপদকালীন ব্যস্ততা। কোনো গলদ রয়ে গেল কিনা, কে তার শিকার হলেন, তারপর কি করতে হবে এসবের জন্য অপেক্ষা আর কয়েক ঘন্টা। কমিশন সূত্রে খবর, তালিকা প্রকাশ হতে চলেছে তাতে নাম থাকছে ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জনের। ২০২৫ সালের জানুয়ারি মাসের ভোটার তালিকায় এরাজ্যের ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ভোটারের নাম ছিল। এর তুলনায় বিরোধীদের ১ কোটি নাম বাদ যাওয়ার দাবি টিকলো না। মোটের উপর ৪৬ লক্ষর কিছু বেশি নাম বাদ পড়ছে।
যাঁরা বাদ পড়ছেন তাদের মধ্যে রয়েছে মৃত ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন, স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, নিখোঁজ ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন, ডুপ্লিকেট ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮ জন এবং অন্যান্য ৫৭ হাজার ৬০৪ জন। এছাড়াও জেন্ডার মিস ম্যাচ বা স্ত্রী-পুরুষ নির্ধারিত না হওয়া ভোটারের সংখ্যা ১৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।
এই তালিকার বাইরেও রয়েছেন আনম্যাপড নাম। অর্থাৎ যাদের নাম ২০০২-এর সঙ্গে লিংক হয়নি। সেই সংখ্যা পাওয়া যাবে শুনানি ও যাচাই পর্বের পর। সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা আরও অনেকটাই বাড়তে পারে, এমনটা জানা যাচ্ছে কমিশন সূত্রে।
