ওঙ্কার ডেস্ক: পাঁচদিনের কর্মদিবস চালুর দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটে কর্মীরা। এর ফলে ব্যাহত হয়েছে ব্যাঙ্কিং পরিষেবা। অধিকাংশ এটিএমও বন্ধ রয়েছে বলে দাবি। যে কয়েকটি চালু রয়েছে, সেখানেও দেখা গিয়েছে লম্বা লাইন।
শনিবার মাসের দ্বিতীয় শনিবার। নিয়ম অনুযায়ী সেদিন ব্যাঙ্ক বন্ধ। রবিবারও সাপ্তাহিক ছুটি। ফলে পরপর তিন দিন ব্যাঙ্কের দরজা বন্ধ থাকছে। আর দুর্গাপুজোর আগে টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শুক্রবার সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় ব্যাঙ্কের সামনে বিক্ষোভের ছবিও দেখা যায়। আসানসোলে পাঁচদিনের কর্মদিবসের দাবিতে আন্দোলনে নামেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কর্মীরা। বিভিন্ন জায়গায় ধর্মঘটকে কেন্দ্র করে বিক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।
ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায়ের দাবি, ২০২৪ সালের বেতন সংশোধনের সময় এই বিষয়ে লিখিত চুক্তি হয়েছিল। কিন্তু অভিযোগ, চুক্তি হওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও সিদ্ধান্ত কার্যকর হয়নি। সংগঠনের দাবি, প্রায় আড়াই বছর ধরে বিষয়টি ঝুলে রয়েছে। প্রতিবারই আইনি জটিলতার কথা বলে আরও সময় চাওয়া হয়েছে বলে অভিযোগ অফিসারদের। এবার সেই অপেক্ষার অবসান চেয়ে ধর্মঘটের পথে গিয়েছেন ব্যাঙ্ক অফিসাররা। সংগঠনের বক্তব্য, বারবার আশ্বাস মিললেও বাস্তবে কোনও পদক্ষেপ হয়নি। তাই বাধ্য হয়েই আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি না মানলে আগামী ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর টানা তিন দিন ধর্মঘট হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। তাতেও কাজ না হলে ২৬ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটের পথে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।