ওঙ্কার ডেস্ক: তৃণমূল নেতার বাড়িতে আচমকা প্রবল বিস্ফোরণ। বারুইপুরে ওই বিস্ফোরণের অভিঘাতে দোতলা বাড়িটির একাংশ কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। ভেঙে পড়েছে দেওয়াল। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির পিলারও। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাড়ির ভাঙা জানলা ও দরজার অংশ ছিটকে প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়ে বলে স্থানীয়দের দাবি। প্রাথমিকভাবে এক জনের জখম হওয়ার খবর মিলেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব এলাকায় উত্তরভাগের লালপোলের কাছে তৃণমূল নেতা দ্বিজেল মণ্ডলের বাড়ি। শুক্রবার সেখানেই বিস্ফোরণটি ঘটে। আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের পরই স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। কীভাবে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বিস্ফোরণের কারণ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। পুলিশের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। বাড়ির ভিতরে কোনও বিস্ফোরক মজুত ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এত বড় বিস্ফোরণের পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা জানতে নমুনা সংগ্রহ এবং অন্যান্য দিক পরীক্ষা করা হতে পারে।এদিকে বিস্ফোরণের পরেই গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি ও সিপিএম কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, ওই বাড়িতে বিপুল পরিমাণ বোমা মজুত করা হয়েছিল।