ওঙ্কার ডেস্কঃ বাংলায় বিধানসভা ভোট। এবার আর সিপিএমের সঙ্গে জোট করবে না কংগ্রেস। বাংলায় বিধানসভা ভোটে একাই লড়বে তারা। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্বের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্তই নিল কংগ্রেস। কংগ্রেসের বৈঠকে ছিলেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর ছিলেন।
বৈঠকের পর মীরই ঘোষণা করেন, বঙ্গভোটে এবার কংগ্রেস একাই লড়বে। সিপিএমের সঙ্গে জোট হলে আমাদের দলীয় কর্মী-সমর্থকদের মনোবল ভেঙে যায়। আমাদের কর্মী-সমর্থকেরা চান, কংগ্রেস সব আসনেই একা লড়ুক। সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রদেশ কংগ্রেসের এক নেতা বলেন, “গোলাম আহমেদ মীর যখন জোটের বিপক্ষে যুক্তি দিয়েছিলেন, তখনই বোঝা গিয়েছিল জোট হওয়ার সম্ভাবনা কম। আর তাছাড়া সম্প্রতি সিপিএমের সঙ্গে সম্পর্ক যে দিকে গড়িয়েছে, তাতে জোট না করাই ভালো।
জোটের সিদ্ধান্ত নিয়ে সিপিএম এবং কংগ্রেসের নেতারা বাদানুবাদে জড়িয়েছিলেন। কেন এত দেরি করে কংগ্রেস জোটের সিদ্ধান্ত নিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁকে পালটা আক্রমণ করেন কংগ্রেসও।
