নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: সাধারণের জন্য সুখবর এনে দিল দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর । শুক্রবার থেকেই বালুরঘাট হাসপাতালে সান্ধ্যকালীন ওপিডি চালু করতে চলেছে জেলা স্বাস্থ্য দফতর। জেলা স্বাস্থ্য আধিকারিকের তরফে এই তথ্য জানানো হয়েছে । জানা গেছে ওপিডি সপ্তাহের প্রতিদিন বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিকেল সাড়ে পাঁচটায় শেষ টিকিট দেওয়া হবে রোগীদের, সেই টিকিট অনুযায়ী ক্রমিক সংখ্যা এবং রোগী যতক্ষণ থাকবে ততক্ষণ ডাক্তার ওপিডিতে থাকবেন।
এক নজরে ওপিডিতে যেদিন যে রোগের বিশেষজ্ঞের পরামর্শ পাওয়া যাবে—
• সপ্তাহে দুদিন, মঙ্গলবার এবং শুক্রবার মেডিসিন-এর ডাক্তার থাকবেন
• সোমবার এবং বুধবার পেডিয়াক্টিক্স বিভাগের ডাক্তার থাকবেন
• বৃহস্পতিবার এবং শনিবার গাইনোকোলজিস্ট ডাক্তার রোগী দেখবেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।
বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলন করে জেলা স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, ডিএইচএস স্বপন সরেনের নির্দেশে এবং স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে বালুরঘাট জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগের স্বাস্থ্য পরিষেবা চালু হতে চলেছে। প্রাথমিক ভাবে এই স্বাস্থ্যপরিষেবাটি দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে। যদি এই এই পরিষেবা মানুষের মধ্যে সাড়া ফেলে, তাহলে আগামী দিনে পরিষেবা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।
