ওঙ্কার ডেস্কঃ শ্রাবণী মেলাকে এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে শুভেন্দু সরকার। অগুনতি শিবভক্ত এই সময় তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যান। পূর্ব ঘোষণা মতোই, কাল সোমবার তারকেশ্বরে আসা ভক্তদের মাথায় পুষ্পবৃষ্টির আয়োজন করা হয়েছে প্রশাসনের তরফে। ব্যবস্থায় নজরদারি চালাতে রবিবারই কপ্টারে গোটা তারকেশ্বর এলাকা পরিদর্শন করেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। বিপুল সমাগমকে মাথায় রেখে প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে।
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকা জারির পর হুগলি জেলা প্রশাসন ও পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণে বাড়তি কড়াকড়ি শুরু করেছে। পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা ‘নো এন্ট্রি’ ঘোষণা করে যান নিয়ন্ত্রণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা নয় তাই প্রশাসনের তরফে বিকল্প রাস্তারও বন্দোবস্ত করা হয়েছে। এই বিকল্প রুটে অ্যাম্বুল্যান্স, খাবার-দুধের গাড়ি যাতে অনায়াসে যাতায়াত করে পারে, তার ব্যবস্থা করেছে প্রশাসন।
অন্যদিকে, পুণ্যার্থীদের স্নানের জন্য গঙ্গার ১৪ টি ঘাটে বিশেষ পরিকাঠামো যেমন তৈরি করা হয়েছে। তেমনই শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রায় ৩৭ কিলোমিটার যাত্রাপথে ৫ কিলোমিটার অন্তর একটি করে স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। যেখানে ২৪ ঘণ্টা থাকবেন চিকিৎসক, মিলবে ওষুধও। জরুরি প্রয়োজনে স্থানীয় হাসপাতালে পাঠানোরও জন্যও থাকছে অ্যাম্বুল্যান্স পরিষেবা। গঙ্গায় দুর্ঘটনার ক্ষেত্রেও আগাম সতর্ক প্রশাসন, ব্যবস্থা রাখা হয়েছে ওয়াটার অ্যাম্বুল্যান্সেরও।