ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পথ ছাড়লেন তৃণমূলের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুরসভার বোর্ড অফ কাউন্সিলর্সের সভায় নিজের পদত্যাগ পেশ করেন তিনি। ইংরেজবাজার পুরসভার পাঁচবারের পুরপ্রধান কৃষ্ণেন্দু। তাঁর কথায়, রাজ্যের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করেই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
যদিও এই দৃশ্য নতুন না। রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর এর আগেও বহু পুরসভার চেয়ারম্যান নিজের পদ ছেড়েছেন। কেউ বাধ্য হয়ে কেউ আবার পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এমতাবস্থায় সেই তালিকায় নাম জুড়ল কৃষ্ণেদুর। ১৯৯০ সালে নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার কাউন্সিলর হন কৃষ্ণেন্দু। এরপর ১৯৯৫ সালে প্রথমবার চেয়ারম্যান। তারপর থেকে দিব্যি চলছিল। কিন্ত ছন্দপতন হয় গত ৪মে ভোটের ফলাফল প্রকাশের পর। তবে চেয়ারম্যান পদ ছাড়লেও রাজনীতি ছাড়ছেন তিনি। আপাতত কাউন্সিলর হিসেবে কাজ করবেন। তাঁর কথায়, ‘পরবর্তীতে যেমন বৃষ্টি তেমন ছাতা ধরা হবে’।
অন্যদিকে তাঁর ইস্তফাকে কটাক্ষ করেছে এলাকার বিজেপি নেতৃত্ব। দক্ষিণ মালদা বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, ‘অনেকদিন ধরেই পদত্যাগের কথা শোনা যাচ্ছিল। অনেক পুরসভায় সরকার বদলের পরেই চেয়ারম্যানরা ইস্তফা দিয়েছে। উনি এতদিন কার্যত জোর করেই ছিলেন। সরকার কোনওরকম অসহযোগিতা করেনি।’