ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করবে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর মসনদে বসে বাংলাদেশের পণ্যে ৩৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এখনও চলমান। সেই আবহে ঢাকার এই পরিকল্পনার কথা প্রকাশ্যে এলো।
সূত্রের খবর, এত দিন বাংলাদেশকে সাহায্য করতে হোয়াইট হাউস গম পাঠাত। কিন্তু, এ বার সরকারি ভাবে টাকা দিয়ে গম আমদানি করবে ঢাকা। আর এই কাজে স্বাভাবিকের চেয়ে বেশি টাকা খরচ করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের খাদ্য মন্ত্রকের এক শীর্ষকর্তা ওয়াশিংটনের কাছ থেকে গম আমদানির জন্য রবিবার সমঝোতা পত্রে সই করবেন বলে খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি দফতরের তরফে সমঝোতায় স্বাক্ষর করবেন এক কর্তা। যে খবর সামনে এসেছে, তা থেকে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে ট্রাম্পের দেশ থেকে তিন লক্ষ টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা। যদিও আপাতত ইউনুস সরকার ২ লক্ষ ২০ টন গম কেনার সিদ্ধান্ত নিচ্ছে। দু দফায় ১ লক্ষ ১০ টন করে গম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসবে বাংলাদেশে। টন পিছু ১৭০০ থেকে ২০০০ টাকা বেশি গুনতে হবে এর জন্য ইউনুস সরকারকে।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। সাধারণ ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে শুল্কের পরিমাণ ১৫ শতাংশ। ট্রাম্প যে অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন, ১ আগস্ট থেকে তা কার্যকর হলে বাংলাদেশের পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ হবে। অর্থাৎ ঢাকা থেকে পণ্য মার্কিন মুলুকে পাঠানো হলে তাতে এই পরিমাণ শুল্ক চাপবে।
