নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান: বিজেপি যুব নেতা খুনের পর এবার পাণ্ডবেশ্বরে মদের দোকান নিয়ে সরব হলেন এলাকার বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। জনবসতিপূর্ণ এলাকায় কীভাবে মদের দোকান চলছে, তা নিয়ে সরাসরি দোকান মালিকের কাছে জবাব চাইলেন তিনি। উল্লেখ্য, দু’দিন আগে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জব্বর পল্লী এলাকায় এক বিজেপি যুব নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে জমি বিবাদকেই এই খুনের কারণ বলে মনে করছে পুলিশ। অভিযুক্ত তিন যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
এই ঘটনার পর শুক্রবার ঘটনাস্থলে যান পাণ্ডবেশ্বরের বিধায়ক। এলাকা ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি জানান, স্থানীয়রা তাঁর কাছে অভিযোগ করেছিলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় একটি মদের দোকানে দেদার মদ বিক্রি হচ্ছে। মদ খেয়ে অনেকেই বিশৃঙ্খলা তৈরি করছে এলাকায়। এর জেরে পরিবার নিয়ে রাস্তায় বেরোতেও ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। যুব নেতার খুনের পর সেই আতঙ্ক আরও বেড়েছে।
এমতাবস্থায় স্থানীয়দের অভিযোগ পেয়ে বিধায়ক সোজা ওই মদের দোকানে যান। সেখানে দোকানের ট্রেড লাইসেন্স দেখতে চান। কিন্তু দোকানের কর্মীরা সেই সময় লাইসেন্স দেখাতে পারেননি বলে অভিযোগ। এরপর ফোনে দোকান মালিকের সঙ্গে কথা বলেন জিতেন্দ্র তিওয়ারি।সূত্রের খবর, ফোনে মালিককে তিনি প্রশ্ন করেন, লাইসেন্স নেওয়ার সময় তিনি কি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে দোকানটি জনবসতিপূর্ণ এলাকায় এবং তার পাশেই একটি স্কুল রয়েছে? তাহলে এই অবস্থায় লাইসেন্স মিলল কীভাবে? লাইসেন্স নেওয়ার সময় কোনও তথ্য লুকোনো হয়েছিল কি না, সেই প্রশ্নও তোলেন বিধায়ক।
জানা গিয়েছে, বিধায়ক দোকান মালিককে সমস্ত বৈধ কাগজপত্র নিয়ে বিডিও অফিসে গিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে জমা দেওয়ার কথা বলেন। পাশাপাশি তিনি স্পষ্ট করে জানান, লাইসেন্স নেওয়ার সময় তথ্য গোপন করা হয়ে থাকলে যাঁরা লাইসেন্স দিয়েছেন, তাঁদের সঙ্গেও কথা বলা হবে। আর নিয়ম ভাঙার প্রমাণ মিললে দোকান মালিকের বিরুদ্ধে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
বিধায়কের এই পদক্ষেপের পর জনবসতিপূর্ণ এলাকায় মদের দোকানের বৈধতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।