নিজস্ব প্রতিনিধি, পাণ্ডবেশ্বর: গোপন খবরের ভিত্তিতে রাতের অন্ধকারে ঝটিকা অভিযান চালাল পাণ্ডবেশ্বর থানার পুলিশ। সেই অভিযানেই বড় সাফল্য। আগ্নেয়াস্ত্র, সাইকেলের চেন ও বেসবল ব্যাট-সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একসঙ্গে এতজন ধরা পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাণ্ডবেশ্বর থানার এসআই দেবদাস মুখার্জির কাছে গোপন খবর আসে। সেই খবরের ভিত্তিতেই রাতে অভিযানে নামে পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে ছয়জন পাণ্ডবেশ্বরের ডিভিসি বাঙ্গালপাড়ার বাসিন্দা। তাঁরা হলেন বিনোদ বেদ, সুন্দর যাদব, শেখ ফারহান, তাপস বেদ, পবন চৌহান এবং কবিরাজ বেদ। বাকি তিনজন ঝাড়খণ্ডের জামতাড়ার মেহিজান এলাকার বাসিন্দা। তাঁদের নাম সন্তোষ পাশি, দেব কুমার এবং মানা পাশি। অপর ধৃত সাদ্দাম খান জামুড়িয়ার হোসেন নগর এলাকার বাসিন্দা।
পুলিশের অভিযানে ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, সাইকেলের চেন এবং বেসবল ব্যাট উদ্ধার হয়েছে। কী উদ্দেশ্যে এসব জিনিস তাঁদের কাছে ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের সঙ্গে কোনও অপরাধচক্রের যোগ আছে কি না, তাঁরা কোনও অপরাধের পরিকল্পনা করছিলেন কি না, কিংবা এর পিছনে আরও কেউ রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।
রাতের অভিযান এবং একসঙ্গে ১০ জনের গ্রেফতারি নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সূত্র ধরে তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর এলাকাবাসীর।