“প্রধানমন্ত্রী এমনটা করেন না”
ফোন ট্যাপ কাণ্ডে মোদী রাহুল কাজিয়ায় জাতীয় রাজনীতি যখন তোলপাড়, সেই সময় প্রধানমন্ত্রীর পাশে এসে দাঁড়ালেন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। এর আগে মোদীর সঙ্গে উৎসবের শুভেচ্ছা বিনিময় করে দীর্ঘ নীরবতার পর সংবাদ শিরনামে উঠে আসেন তিনি। এরপর একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রধানমন্ত্রী এমনটা করেন না”। কংগ্রেস নেতা হয়েও কেন তিনি রাহুলের নিশানার ঢাল হয়ে দাঁড়ালেন তা নিয়ে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে বিস্তর জল্পনা। যদিও তিনি এও বলেন, তাঁর নিজের ফোনও যে ট্যাপ করা হচ্ছে, তা বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ নাকি তাঁর কাছে রয়েছে। এমনই কি পিত্রোদা বলেছেন, তাঁর ল্যাপটপেও হানাদারি হয়েছে, তাঁর ব্যাংক অ্যাকাউন্টগুলোতেও নজরদারি রয়েছে। তিনি এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা করেছেন বলে জানিয়েছেন। কিন্তু সন্দেহটা কোনদিকে তা তিনি খোলসা করেননি। শুধু বলেছেন, “কেউ একজন নিশ্চয়ই এসব করছে….”।
প্রসঙ্গত, শুক্রবার রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁকে নজরদারিতে রাখার গুরুতর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ফোন ট্যাপ করাচ্ছেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে তাঁর মুখোমুখি একটি উন্মুক্ত বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানান। কংগ্রেসের পক্ষ থেকে এক্স-এ পোস্ট করা একটি ভিডিওতে রাহুল গান্ধী বলেন, “প্রধানমন্ত্রী এ বিষয়ে জানেন, কারণ তিনিই আমার ফোন ট্যাপ করান। যেদিন তিনি মুখোমুখি বিতর্কে বসতে রাজি হবেন, সেদিন সবাই জানতে পারবে যে আসলে কারা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছে, কারা দেশবিরোধী, এবং কতদিন ধরে তারা দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত রয়েছে।” রাহুলের এই অভিযোগকে কেন্দ্র করে জাতীয় রাজনীতি যখন তোলপাড়, ঠিক সেই সময় মোদীর পাশে স্যাম পিত্রোদার এভাবে প্রকাশ্যে এসে দাঁড়ানোর মধ্যে কী উদ্দেশ্য কাজ করছে তা নিয়েই অঙ্ক কষতে ব্যস্ত রাজনৈতিক বিশ্লেষকরা। কথায় বলে, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। কিন্তু এক্ষেত্রে পিত্রোদার এই মন্তব্যকে শুধু রাজনৈতিক আপ্তবাক্যের ফর্মুলায় ফেলে অঙ্ক কষা ঠিক হবে না। এমনিতেই স্যাম পিত্রোদা মানেই এক রহস্যময় ব্যক্তি। অতীতে বহু নাটকীয় কাণ্ডের হোতা হিসেবে দেখা গেছে তাঁকে। এবার উৎসবের শুভেচ্ছা পর্বে তিনি ফের কী কারণে চমক লাগালেন সেটাই এখন দিল্লির রাজনীতিতে সবচেয়ে বড় জল্পনা।