ওঙ্কার ডেস্ক: সিঙাড়া নিয়ে ঝামেলার সূত্রপাত হয়েছিল। আর তার জেরে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে তলোয়ার দিয়ে কুপিয়ে খুন করলেন এক মহিলা। রবিবার ঘটনাটি ঘটেছে বিহারের ভোজপুর জেলায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত অধরা ঘাতক মহিলা।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহত বৃদ্ধের নাম চন্দ্রমা যাদব। পেশায় তিনি কৃষক। ভোজপুর জেলার কৌলোদিহারি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। সিঙাড়া নিয়ে ঝামেলার সময় চন্দ্রমা যাদবের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তাঁর মৃত্যু হয়। ঠিক কী কারণে বিবাদ? সূত্রের খবর, কৌলোদিহারি গ্রামের এক শিশু সিঙাড়া কিনতে গিয়েছিল। অভিযোগ, সেই শিশুর সিঙাড়া ছিনিয়ে নিয়ে তাকে আক্রমণ করা হয়। অন্য কয়েক জন শিশুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে সে।
শিশুদের মধ্যে ছোটখাটো ঝামেলা হিসেবে দেখে বিষয়টি নিয়ে কথা বলতে চন্দ্রমা যাদব যান সিঙাড়ার দোকানে। তিনি স্থানীয় গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন। কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়। বচসা এমন পর্যায়ে পৌঁছয় যে এক মহিলা তলোয়ার নিয়ে আচমকা যাদবের মাথায় আক্রমণ করে। যার ফলে তিনি গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য পাটনায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে ভর্তি করে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তাঁর মৃত্যু হয়। হত্যার ঘটনার পর পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা অভিযুক্ত মহিলার খোঁজ চালাচ্ছেন।
