ওঙ্কার ডেস্ক: যোগী রাজ্যে ভয়াবহ ঘটনা! ইউটিউব দেখে অস্ত্রোপচার করার জেরে মৃত্যু হল এক মহিলার। অভিযোগ, অবৈধ ভাবে চালু থাকা এক ক্লিনিকের মালিক এবং তাঁর ভাইপো মদ্যপ অবস্থায় ওই মহিলার অস্ত্রোপচার করেছিল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকিতে এক। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম মুনিশ্রা রাওয়াত। পেটে পাথর সংক্রান্ত রোগে ভুগছিলেন তিনি। তাঁর স্বামী তেহবাহাদুর রাওয়াত গত ৫ ডিসেম্বর, তাঁকে কোঠির শ্রী দামোদর ঔষধালয়ে নিয়ে যান। সেখানে ক্লিনিকের মালিক জ্ঞান প্রকাশ মিশ্র তাঁকে বলেন, পাথরের কারণে পেটে ব্যথা হচ্ছে ওই মহিলার। তাই অস্ত্রোপচার করতে হবে। পাশাপাশি ওই ব্যক্তি জানান, অস্ত্রোপচার করতে ২৫,০০০ টাকা খরচ হবে। এ কথা শুনে অস্ত্রোপচারের আগে মহিলার স্বামী ২০,০০০ টাকা জমা দিয়েছিলেন।
পুলিশের কাছে ওই মহিলার স্বামী অভিযোগে বলেছেন, মিশ্র মদ্যপ অবস্থায় ইউটিউবে ভিডিও দেখার পর অস্ত্রোপচার শুরু করেন। তেহবাহাদুর বলেন, মিশ্র তাঁর স্ত্রীর পেটে গভীর ভাবে ক্ষত তৈরি করেন। যার ফলে তাঁর বেশ কয়েকটি শিরা কেটে যায়। ক্রমে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরের দিন ৬ ডিসেম্বর সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। পুলিশ জানতে পেরেছে ওই অবৈধ ক্লিনিকের মালিক মিশ্রকে এই অস্ত্রোপচারে সহযোগিতা করেছে তাঁর ভাইপো। যার নাম বিবেক কুমার মিশ্র। বিবেক রায়বেরেলির একটি আয়ুর্বেদিক হাসপাতালে কর্মরত। সরকারি চাকরির আড়ালে সে বেশ কয়েক বছর ধরে অবৈধ ক্লিনিকটির সঙ্গে যুক্ত ছিল। ঘটনার পর তদন্তে নেমে ওই ক্লিনিকটি সিল করে দিয়েছে পুলিশ। অবৈধ ক্লিনিকটির মালিক এবং তার ভাইপোর বিরুদ্ধে অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
