ওঙ্কার ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে এখনও ৭২ ঘন্টা পেরোয়নি। বিপুল জনসমর্থন নিয়ে বিহারে ক্ষমতায় আসতে চলেছে এনডিএ জোট। এই আবহে বড় অভিযোগ করে শোরগোল ফেলে দিল প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি। ভোটকুশলীর দলের দাবি, বিহার নির্বাচনে বিশ্বব্যাঙ্কের ১৪০০০ কোটি টাকার ঋণ ব্যবহার করা হয়েছে। এই বিশাল অঙ্কের টাকা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের আগে ‘উপহার এবং অনুদান’ হিসেবে খরচ করেছে।
জন সুরজ পার্টি এ বছর বিহার বিধানসভা নির্বাচনে প্রথম অংশ নিয়েছিল। যদিও একটিও আসন পায়নি দলটি। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিকের দলের সর্বভারতীয় সভাপতি উদয় সিং অভিযোগ করেন, এই তহবিল ‘উপহার এবং অনুদানের জন্য’ ব্যবহার করা হয়েছে। তাঁর অভিযোগ, ‘জুন থেকে, নির্বাচন ঘোষণার আগে পর্যন্ত, নীতীশ কুমার সরকার সাধারণ মানুষের অর্থের মাধ্যমে ভোট কেনার জন্য ৪০,০০০ কোটি টাকা খরচ করেছে।’ তাঁর আরও সংযোজন, ‘এই পরিমাণ ছিল অভূতপূর্ব। এমনকি বিশ্বব্যাঙ্ক থেকে প্রাপ্ত ১৪,০০০ কোটি টাকাও উপহার এবং অনুদানের জন্য ব্যবহার করা হয়েছে।’
‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’র কথা উল্লেখ করে তিনি বলেন, বিহার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা করে দেওয়া হয়েছিল। তাঁর দাবি, ‘নির্বাচনী আচরণবিধি জারি থাকা সত্ত্বেও, ভোটের একদিন আগে পর্যন্ত মানুষ টাকা পেয়েছেন। প্রভাবিত করার জন্য এটি যথেষ্ট ছিল।’
