স্পোর্টস ডেস্ক : ইডেন গার্ডেনে প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে ৩০ রানে জেতার পর ২০২৫-২৭-এ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা উঠে এল দ্বিতীয় স্থানে। অধিনায়ক টেম্বা বাভুমার অপরাজিত ৫৫ রান এবং সাইমন হার্মার আট উইকেট তুলে নেওয়ার ফলে বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে রইল। দক্ষিণ আফ্রিকার এখন ২৪ পয়েন্ট এবং ৬৬.৬৭ পিসিটি রয়েছে এবং শীর্ষস্থানীয় অস্ট্রেলিয়ার পিছনে চতুর্থ থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শ্রীলঙ্কা তৃতীয় স্থানে নেমে গেছে এবং ভারত ৫৪.১৭ পিসিটি নিয়ে নেমে গেল চতুর্থ স্থানে।
ঘাড়ের চোটের কারণে নিয়মিত অধিনায়ক শুভমান গিলের অনুপস্থিতিতে ভারত ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৩ রানে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে ৩০ রানে ৪ উইকেট নেওয়া হার্মার দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ আঘাত হানেন। ২১ রানে ৪ উইকেট তুলে নেন। অন্যদিকে, কেশব মহারাজের ডাবল স্ট্রাইক এবং মার্কো জ্যানসেনের দুই ওপেনারকে আউট করাও ভারতকে ধাক্কা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল ভারতের হয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও বেশি
দূর টেনে নিয়ে যেতে পারেননি। সুন্দর ৩১ রানে এইডেন মার্করামের অফ-স্পিনের কাছে আউট হন, অন্যদিকে প্যাটেলের দ্রুত ২৬ রান মহারাজের বলে ক্রিজ ছাড়েন।

বাভুমার দুরন্ত ইনিংস এবং করবিন বোশের সঙ্গে অষ্টম উইকেটে ৪৪ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ৭/৯১ এ নেমে যাওয়ার পর ১৫৩ রানে পৌঁছোয়। চলতি বছরের শুরুতে লর্ডসে ডব্লিউটিসি ফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করে এবং পাকিস্তানের বিপক্ষে ১-১ করে সাউথ আফ্রিকা ভারতের মাঠে গুরুত্বপূর্ণ ১২ পয়েন্ট পায়। সিরিজের দ্বিতীয় টেস্ট শনিবার, শুরু হচ্ছে গুয়াহাটির এসিএ স্টেডিয়ামে।
