ওঙ্কার ডেস্ক: অসমের ডিব্রুগড় জেলায় অয়েল ইন্ডিয়া লিমিটেডের একটি ট্যাঙ্ক ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। শুক্রবার তেঙ্গাখাটের ইন্টারমিডিয়েট ট্যাঙ্ক ফার্মে (আইটিএফ) এই আগুন লাগে। এর ফলে এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ছয় জন। তাঁদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
অয়েল ইন্ডিয়ার বিবৃতি অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা ৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সেই সময় সংস্থার ওই কেন্দ্রে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। আহতদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। বাকি ছয় জনকে চিকিৎসার জন্য ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (এএমসিএইচ) এবং অয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ট্যাঙ্ক ফার্মের একটি ভাল্ভ পরিচালনার সময় দুর্ঘটনা ঘটে। অভিযোগ, কর্মীরা কাজ করার মধ্যেই বিস্ফোরণ হয়। অপরিশোধিত তেল সংরক্ষণের অংশে বিস্ফোরণের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে পাঁচ জনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন ডিব্রুগড়ের মিলননগরের তপস গগৈ (৪০) এবং তেঙ্গাখাটের বাসিন্দা শৈলেন গগৈ (৪৫), কুমুদ গগৈ (৩৮), গোলাপ দত্ত (৫৮) ও ইন্দ্র গগৈ (৪০)। আহত কর্মীরা মুম্বইয়ের স্পেকট্রন ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্ত। অয়েল ইন্ডিয়ার হয়ে ওই সংস্থা ট্যাঙ্ক ফার্মে কাজ করছিল। এই ঘটনায় আরও কয়েক জন আহত হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। অয়েল ইন্ডিয়া জানিয়েছে, খবর পাওয়ার পরই সংস্থার দমকল কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংস্থাটি। পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।