ওঙ্কার ডেস্ক: বিলকিস বানো মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে জামিন দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাঁদের সাজাও আপাতত স্থগিত রাখা হয়েছে। ইতিমধ্যে ১৭ বছরের বেশি সময় কারাবন্দি রয়েছেন তাঁরা। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত সর্বোচ্চ আদালতের। পাশাপাশি, তাঁদের দায়ের করা আবেদনে আইনি ও তথ্যগত একাধিক বিষয় খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।
গত ২৮ অক্টোবর এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। যে দুজন জামিন পেয়েছেন তাঁরা হলেন বিপিনচন্দ্র যোশী এবং প্রদীপ মোদিয়া। ২০১৭ সালের মে মাসে বম্বে হাই কোর্ট তাঁদের দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রেখেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। জামিনের সিদ্ধান্ত নেওয়ার সময় দুই আবেদনকারীর দীর্ঘ কারাবাসের পাশাপাশি আরও একটি বিষয় বিবেচনা করেছে আদালত। বেঞ্চের নজরে এসেছে, আবেদনকারীদের মধ্যে বিপিনচন্দ্র যোশী গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার শিকার।
তবে জামিনের আবেদনের বিরোধিতা করে সরকারপক্ষের আইনজীবী। তাঁর যুক্তি, অপরাধের গুরুত্ব অত্যন্ত বেশি। তাছাড়া, নিম্ন আদালত এবং বম্বে হাই কোর্ট—উভয় আদালতই তাঁদের দোষী সাব্যস্ত করার সিদ্ধান্তে পৌঁছেছিল। অন্যদিকে, দুই দোষীর আইনজীবী আদালতে পালটা যুক্তি দেন। তাঁর বক্তব্য, আবেদনকারীদের একজনের নাম প্রথম এফআইআরে ছিল না। ঘটনার প্রায় তিন বছর পর তাঁকে এই মামলায় অভিযুক্ত করা হয়। দুই পক্ষের বক্তব্য এবং মামলার বিভিন্ন দিক বিবেচনা করেই আপাতত দুই সাজাপ্রাপ্তের কারাদণ্ড স্থগিত রেখে জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।