অর্পিতা মুখার্জী, কলকাতা: বোলপুর আর বর্ধমান ঘুরে শেষ পর্যন্ত কলকাতায় আনা হল গুলিবিদ্ধ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে। রবিবারই তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর চিকিৎসার জন্য একই দিনে গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। অন্যদিকে, রবিবারই পুলিশের উপর গুলি চালিয়ে পালিয়ে যাওয়া অভিযুক্ত রতন শেখের মৃত্যু হয়েছে এনকাউন্টারে।
বীরভূমের শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ গুলিবিদ্ধ হন গত শুক্রবার সন্ধ্যায়। সদ্য জামিনে ছাড়া পাওয়া নানুরের বাসিন্দা রতনকে অন্য এক মামলায় ধরতে গিয়েছিল পুলিশের দল। সেই দলে ছিলেন বিশ্বজিৎও। অভিযোগ, পুলিশকে দেখেই গুলি চালিয়েছিলেন রতন। একটি গুলি গিয়ে লাগে বিশ্বজিতের বাঁ পায়ে। প্রথমে তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়। রবিবার বিশ্বজিতের শারীরিক অবস্থা দেখে আর ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা। তাঁকে এসএসকেএমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে খবর, বিশ্বজিতের চিকিৎসায় অর্থোপেডিক এবং জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। অর্থোপেডিক বিভাগের প্রধান চিকিৎসক নীরজ ডুগ্গরের অধীনে চলছে তাঁর চিকিৎসা। জানা গিয়েছে, গুলি বার করার পর দেখা গিয়েছে, এসএসকেএমে ভর্তি গুলিবিদ্ধ পুলিশকর্মীর বাঁ পায়ের হাড়ের অনেকগুলো টুকরো হয়ে গিয়েছে। সংক্রমণও রয়েছে। তবে সংক্রমণের মাত্রা এখনও উদ্বেগজনক নয়।
সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর অস্ত্রোপচার কবে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। আপাতত রোগীর অবস্থা স্থিতিশীল। তিনি এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।