ওঙ্কার ডেস্ক: অসমে একই পরিবারের তিন জনকে খুন ও লুটপাটের ঘটনায় ধৃত দুই অভিযুক্তকে লক্ষ্য করে গুলি চালাল পুলিশ। বুধবার সকালে ডিব্রুগড় জেলার বালিজান চা-বাগান সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের গুলিতে আহত হয়েছেন রাজু দাস ও আমির দাস নামে দুই অভিযুক্ত। এই ঘটনায় দুই পুলিশকর্মীও জখম হয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বুধবার অভিযুক্তদের নিয়ে একটি পুলিশি দল যাচ্ছিল। সেই সময় পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা করেন রাজু ও আমির। তাঁদের আটকাতে গুলি চালায় পুলিশ। দু’জনের শরীরেই গুলি লাগে। আহতদের দ্রুত দুলিয়াজান অয়েল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম দুই পুলিশকর্মীরও সেখানে চিকিৎসা চলছে। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। উল্লেখ্য, অসমের দুলিয়াজানের কমলাবাড়ি এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধার হয়েছিল। মৃতেরা হলেন অয়েল ইন্ডিয়া লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মী চন্দ্রকান্ত ভূঞা, তাঁর স্ত্রী এলিজা ভূঞা এবং তাঁদের মেয়ে নিহারিকা ভূঞা।
গত ১৬ নভেম্বর প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় বিষয়টি সামনে আসে। পরিবারের সদস্যদের সাড়া না পেয়ে তাঁরা খোঁজখবর শুরু করেন। পরে বাড়ির ভিতর থেকে তিনজনের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় রাজু ও আমিরের নাম উঠে আসে। ঘটনার পরদিনই অসমের শিবসাগর জেলার সিমালুগুড়ি রেলস্টেশন থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ। অবধ অসম এক্সপ্রেসে যাত্রার সময় তাঁদের আটক করা হয়। তদন্তকারীদের অনুমান, প্রথমে গুয়াহাটি এবং পরে বেঙ্গালুরুতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। তদন্তে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশের অনুমান, অনলাইন গেমিং ও বেটিংয়ে প্রায় চার লক্ষ টাকা হারিয়েছিলেন রাজু। এর জেরে আর্থিক সমস্যায় পড়েছিলেন তিনি। বাবার কাছ থেকেও ধার নিয়েছিলেন বলে জানা গিয়েছে। সেই টাকা উদ্ধারের উদ্দেশ্যেই লুটপাটের পরিকল্পনা করা হয়েছিল বলে সন্দেহ তদন্তকারীদের। পুলিশ সূত্রে খবর, রাজু দীর্ঘদিন ধরে ভূঞা পরিবারের পরিচর্যাকারী হিসেবে কাজ করেছিলেন। সেই সুবাদে পরিবারের সদস্যদের দৈনন্দিন জীবনযাত্রা এবং বাড়ির ভিতরের পরিস্থিতি সম্পর্কে তাঁর ভালো ধারণা ছিল। এই সুযোগকেই কাজে লাগানো হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা।
পুলিশের দাবি, হামলার সময় চন্দ্রকান্ত, তাঁর স্ত্রী এবং মেয়েকে হাতুড়ি ও লোহার রড দিয়ে আঘাত করা হয়েছিল। এরপর বাড়ি থেকে নগদ টাকা, সোনার গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করা হয়। তদন্তের পর বেশ কিছু সন্দেহভাজন চোরাই সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া জিনিসের মধ্যে রয়েছে সোনা ও রুপোর গয়না, নগদ টাকা এবং মোবাইল ফোন।