ওঙ্কার ডেস্ক: একের পর এক সাইবার হামলায় উদ্বেগ বাড়ছে আমেরিকায়। গত সপ্তাহে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআইয়ের ডেটাবেসে হ্যাকিংয়ের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সাইবার হামলার নিশানায় মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। শুধু সিআইএ নয়, আরও দুটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার নেটওয়ার্কেও হামলা হয়েছে বলে খবর। এই ঘটনার পিছনে চিনের কোনও গোষ্ঠীর হাত থাকতে পারে বলে সন্দেহ করছেন মার্কিন আধিকারিকেরা।
‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবারের এই সাইবার হামলায় কিছু তথ্য ফাঁস হয়েছে। তবে সেগুলি গোপনীয় নয় বলেই দাবি মার্কিন আধিকারিকদের। তাঁদের বক্তব্য, হামলাকারীরা এমন একটি নেটওয়ার্কে প্রবেশ করেছিল, যা প্রকাশ্যে পাওয়া তথ্য বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়। ফলে কোনও স্পর্শকাতর বা গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা নেই বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, আক্রান্ত নেটওয়ার্কটি ‘ওপেন সোর্স ইন্টেলিজেন্স’ বা OSINT ব্যবস্থার অংশ। এই পদ্ধতিতে সাধারণের জন্য উন্মুক্ত বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। সমাজমাধ্যমের পোস্ট, উপগ্রহচিত্র এবং বাণিজ্যিকভাবে কেনা যায় এমন তথ্য এই কাজের অন্যতম উপাদান। এসব তথ্যের ভিত্তিতেই গোয়েন্দারা বিভিন্ন প্রতিবেদন তৈরি করেন। যদিও তথ্যগুলি গোপনীয় নয়, তবুও গোয়েন্দা কার্যকলাপে এগুলির যথেষ্ট গুরুত্ব রয়েছে।
মার্কিন সূত্রের দাবি, সাইবার হামলার ফলে তৈরি হওয়া প্রযুক্তিগত সমস্যার ইতিমধ্যেই সমাধান করা হয়েছে। তবে ঠিক কী কী তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই হামলার পিছনে কারা রয়েছে, তা নিয়েও ধোঁয়াশা কাটেনি। ‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক তদন্তে ‘আর্টেক্স’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI টুল ব্যবহারের সম্ভাবনা উঠে এসেছে। এই সূত্র ধরেই চিনের কোনও হ্যাকার গোষ্ঠীর দিকে সন্দেহের তির মার্কিন গোয়েন্দাদের। তবে হামলায় ওই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল কি না, তা এখনও নিশ্চিত নয়।
ঘটনা নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি সিআইএ এবং ন্যাশনাল জিওস্পেশিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সি। অন্যদিকে, ‘অফিস অফ দ্য ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স’-এর এক আধিকারিক জানিয়েছেন, এই সাইবার হামলার কারণে তাঁদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজকর্মে কোনও বিঘ্ন ঘটেনি।