ওঙ্কার ডেস্ক: দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন তাঁরা। পরিবারের সদস্যদের ধারণা ছিল, পাহাড়ি এলাকা থেকে কোনও ভাবে হারিয়ে গিয়েছেন। কিন্তু তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, ১৯৯১ থেকে ২০০৩ সালের মধ্যে জম্মু-কাশ্মীরের মাহোরে ও চাসানা এলাকা থেকে নিখোঁজ হওয়া ৩০ জন আসলে পাকিস্তানে পালিয়ে গিয়েছেন। সেখানে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এখন সীমান্তের ওপার থেকে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর চেষ্টা করছেন তাঁরা।
পুলিশের হাতে আসা একটি নথিতে ওই ৩০ জনের নাম রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। তদন্তকারীদের দাবি, তাঁরা পাকিস্তান থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের হয়ে কাজ করছেন। অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের পাশাপাশি জঙ্গি কার্যকলাপের জন্য অর্থ পাঠাচ্ছেন। স্থানীয় যুবকদের উগ্রপন্থায় প্ররোচিত করে জম্মুর বিস্তীর্ণ এলাকায় ফের সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টাও চলছে তাঁদের নেতৃত্বে। ২০২৪ সালের ২৯ নভেম্বর পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঘটনায় এফআইআর দায়ের হয়। ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (UAPA)-এর বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চলাকালীন একাধিক সাক্ষীর বক্তব্য রেকর্ড করা হয়। সেখান থেকেই সামনে আসে আরও ভয়ংকর পরিকল্পনা।
তদন্তকারীদের দাবি, পাকিস্তানে বসে শুধু জঙ্গি কার্যকলাপ পরিচালনাই করছেন না অভিযুক্তরা। রিয়াসি জেলায় নিজেদের পৈতৃক জমি বিক্রির পরিকল্পনাও করেছেন তাঁরা। সেই বিক্রির টাকা জঙ্গি কার্যকলাপে ব্যবহার করার ছক ছিল। অস্ত্র কেনা, নতুন সদস্য নিয়োগ এবং হামলার পরিকল্পনায় ওই অর্থ কাজে লাগানোর উদ্দেশ্য ছিল বলে পুলিশের অনুমান। এই অর্থের জোগান বন্ধ করতে পদক্ষেপ করেছে রিয়াসি জেলা পুলিশ। পাঁচ জঙ্গির সম্পত্তি বাজেয়াপ্ত ও সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধানের নির্দেশে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন রিয়াসির পুলিশ সুপার মুকুন্দ লাল।
পুলিশের তালিকায় প্রথম পাঁচ জনের মধ্যে রয়েছেন মাহোরের মহম্মদ কাইয়ুম ওরফে আবদুল কাইয়ুম শাদোলে। তাঁর জমি বাজেয়াপ্ত করা হয়েছে। বদ্দরের বাসিন্দা বশির আহমেদ ওরফে মাসুমেরও জমি সিল করেছে পুলিশ। আর্নাসের শওকত আলি হুন্ডারের জমিও বাজেয়াপ্ত হয়েছে। এ ছাড়া থুরো গ্রামের মঞ্জুর আহমেদ ওরফে মঞ্জুর হুসেন খান্টির জমিও বাজেয়াপ্ত করা হয়েছে।