নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: সাপ দেখলেই লোকে ভয় পায়। আর রাহুল দণ্ডপাট ছুটে যেতেন সাপের কাছে। আট বছরের বেশি সময় ধরে এটাই ছিল তাঁর নেশা, তাঁর কাজ। গ্রামে কারও বাড়িতে সাপ ঢুকেছে খবর পেলেই ছুটে যেতেন। বিষধর সাপকে ধরে, কোনও ক্ষতি না করে, জঙ্গলে ছেড়ে দিয়ে আসতেন। কিন্তু শেষে যে সেই ‘সর্পবন্ধু’ যুবকের সাপের কামড়েই মৃত্যু হবে, তা কল্পনাও করতে পারেননি এলাকাবাসী।
সূত্রের খবর, গত মঙ্গলবার চৈনিশোল গ্রামে রাহুলের বাড়িতে মনসা পুজো ছিল। সেই উপলক্ষে ঝাঁপানের আয়োজন হয়েছিল। সেখানে জীবন্ত বিষধর সাপ নিয়ে খেলা দেখাচ্ছিলেন রাহুল। গলায় সাপ ঝুলিয়ে প্রদর্শন করার সময় হঠাৎই সাপটি তাঁর বাঁ হাতে কামড়ে দেয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।
মাত্র ৩২ বছর বয়সী যুবকের এই করুন পরিণতিতে শোকের ছায়া নেমেছে এলাকায়। একমাত্র রোজগেরে ছেলেকে হারিয়ে কার্যত দিশাহারা পরিবার ও স্ত্রী। তবে এই কঠিন সময়ে পরিবারের পাশে ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন রাজ্যের মন্ত্রী তথা গোপীবল্লভপুরের বিধায়ক রাজেশ মাহাতো। বৃহস্পতিবার রাহুলের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সাহায্যও করেন। আর সবচেয়ে বড় আশ্বাসটা দেন রাহুলের ছেলেকে নিয়ে। চার বছরের ছেলেটির পড়াশোনার দায়িত্ব নিজে নেবেন বলে জানিয়েছেন মন্ত্রী।
বুধবার ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ গ্রামে ফিরতেই শেষবারের মতো রাহুলকে দেখতে ভিড় জমে যায়। হাজার হাজার মানুষ এসেছিলেন প্রিয় সর্পবন্ধুকে শেষ বিদায় জানাতে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা, আত্মীয়রা, প্রতিবেশীরা। গোটা গ্রাম শোকস্তব্ধ। এই অবস্থায় মন্ত্রীর এই আশ্বাস শোকাহত পরিবারকে খানিকটা ভরসা দিয়েছে।