অর্পিতা মুখার্জী, কলকাতা: বিদেশের মাটিতে দাঁড়িয়ে ফের বিতর্কে জড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করতে গিয়ে বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি, যা নিয়ে দেশে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। রাহুলের দাবি, আন্তর্জাতিক মঞ্চে ভারত এখন আর মূল খেলোয়াড় নয়, বরং ‘সাইড প্লেয়ার’ হয়ে গিয়েছে। আর সেই ফাঁকা জায়গায় পাকিস্তান আমেরিকা-ইরানের মতো দেশের সঙ্গে দর কষাকষি করছে।
শিকাগোতে ছাত্র-শিক্ষকদের সামনে ভারতের বিদেশনীতি নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন রাহুল। তাঁর কথায়, ভারতের কূটনীতি বরাবরই স্বতন্ত্র। কারও ছায়ায় না থেকে নিজের বুদ্ধিতে বিশ্ব রাজনীতিকে বুঝেছে ভারত। নানা দেশের সঙ্গে বন্ধুত্ব রেখেও নিজের মতামত ধরে রেখেছে। আয়তন আর জনসংখ্যার জোরে বিশ্বের বড় বড় আলোচনায় ভারতের স্বাভাবিক ভাবেই জায়গা থাকার কথা।
কিন্তু রাহুলের আক্ষেপ, সেই জায়গাটাই এখন হারিয়ে যাচ্ছে। তাঁর ভাষায়, “ভারতের ভূ-রাজনীতি বোঝার ক্ষমতা বরাবরই খুব পরিণত। আমাদের অংশীদারিত্ব ছিল, সম্পর্ক ছিল, কিন্তু আমাদের নিজস্ব একটা মন ছিল। আয়তনের কারণেই ভারতের বিশ্বজোড়া কণ্ঠস্বর থাকা স্বাভাবিক। বিশ্ব আলোচনায় ভারতের সক্রিয়ভাবে থাকা উচিত। কিন্তু সত্যি বলতে, ভারত এখন সাইড প্লেয়ার হয়ে গিয়েছে, আর পাকিস্তান ইরান আর আমেরিকার সঙ্গে আলোচনায় ব্যস্ত।”
এখানেই থামেননি রাহুল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বন্ধুত্বের কূটনীতি’ নিয়েও সরাসরি প্রশ্ন তোলেন তিনি। মোদী প্রায়ই বিভিন্ন রাষ্ট্রনেতাকে ‘আমার বন্ধু’ বলে পরিচয় করিয়ে দেন। সেই প্রসঙ্গ টেনে রাহুল বলেন, “প্রধানমন্ত্রী মোদী বারবার বলেন, ‘উনি আমার বন্ধু।’ কিন্তু বন্ধুত্বটা আসল বিষয় নয়। বন্ধুত্ব দিয়ে ভূ-রাজনীতি চলে না। কে বন্ধু, তাতে কার কী যায় আসে? আপনি কি সত্যিই মনে করেন, লোকটা আপনার বন্ধু বলেই ভূ-রাজনীতি কাজ করবে?”
‘পাকিস্তানের প্রচারক রাহুল’, পাল্টা তোপ বিজেপির
রাহুলের এই মন্তব্য সামনে আসতেই ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। দলের মুখপাত্র সিআর কেশবন বলেন, বিদেশে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন রাহুল। তাঁর এই মন্তব্য ‘অত্যন্ত নিন্দনীয় এবং ক্ষমার অযোগ্য’। কেশবনের অভিযোগ, রাহুল যেন পাকিস্তানের হয়ে প্রচার করছেন। বিশ্ব রাজনীতি সম্পর্কে তাঁর কোনও ধারণাই নেই।
কেশবনের দাবি, মোদীর নেতৃত্বে ভারত এখন বিশ্বে ঐকমত্য গড়ার দেশ হিসেবে উঠে এসেছে। কংগ্রেস নেতৃত্ব সেই উত্থান মানতে পারছে না বলেই এই ধরনের মন্তব্য করছে।
আর এক মুখপাত্র প্রদীপ ভান্ডারিও রাহুলকে তীব্র আক্রমণ করেন। তাঁর প্রশ্ন, “রাহুল গান্ধী পাকিস্তান নিয়ে এত মেতে থাকেন কেন! প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে তিনি যেন পাকিস্তানের ফ্যান বয় হয়ে যান!” ভান্ডারির দাবি, পাকিস্তান নয়, বরং ভারতই তার কূটনীতির জন্য প্রশংসা পাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের ভূমিকা, ইরানের সঙ্গে সম্পর্ক, সবই তার প্রমাণ। এই সুযোগে ২৬/১১ মুম্বই হামলার পর ইউপিএ সরকারের ভূমিকা আর শর্ম এল-শেখের যৌথ বিবৃতি নিয়েও কংগ্রেসকে খোঁচা দেন তিনি।
‘সন্ত্রাস না থামলে পাকিস্তানের সঙ্গে কথা নয়’
শুধু ‘সাইড প্লেয়ার’ মন্তব্য নয়, পাকিস্তান নিয়ে আরও বড় কথা বলেছেন রাহুল। ভারত-পাকিস্তান কি একে অপরকে দোষারোপের বাইরে গিয়ে একসঙ্গে কাজ করতে পারে? এই প্রশ্নের উত্তরে রাহুল সাফ জানিয়ে দেন, সন্ত্রাস বন্ধ না হলে আলোচনার কোনও প্রশ্নই নেই।
তাঁর কথায়, “সুযোগ আছে, কিন্তু একটা বড় সমস্যা আছে। সেটা হল পাকিস্তান আমাদের দেশে সন্ত্রাসবাদকে সমর্থন করছে, মদত দিচ্ছে। আমাদের নিরীহ মানুষ খুন হচ্ছেন, আর আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা করব, এটা মানা অসম্ভব। তাই সন্ত্রাস বন্ধ হলেই আলোচনার কথা ভাবা যেতে পারে।”
‘ভারত ইজরায়েলের চেয়ে অনেক বড় দেশ’
ইজরায়েল প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন রাহুল। তিনি বলেন, ইজরায়েলের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক থাকা উচিত। প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা চলুক, তাতেও আপত্তি নেই। কিন্তু ভারতের বিদেশনীতি চলবে ভারতের স্বার্থে, অন্য কারও স্বার্থে নয়।
রাহুল বলেন, “ইজরায়েলের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে। আমরা ওদের থেকে অস্ত্র কিনি। কিন্তু আমরা অনেক বড় দেশ, ১৫০ কোটি মানুষের দেশ। আমাদের বিদেশনীতি আমাদের জন্য যা ভালো, তার ওপর ভিত্তি করে হওয়া উচিত, অন্যের জন্য যা ভালো, তার ওপর নয়।”
একই সঙ্গে অক্টোবরের হামলার নিন্দা করেন তিনি। আবার গাজায় ইজরায়েলের অভিযানেরও সমালোচনা করেন।
সব মিলিয়ে শিকাগোর এই বক্তৃতা ফের একবার বিদেশনীতি নিয়ে দেশের রাজনীতিকে উত্তপ্ত করে তুলল। বিজেপি যেমন রাহুলকে ‘দেশবিরোধী’ বলছে, কংগ্রেসের পাল্টা দাবি, রাহুল আসলে আয়নাটা দেখিয়ে দিয়েছেন। ভোটের আগে এই বিতর্ক যে আরও গড়াবে, তা বলাই যায়।