অর্পিতা মুখার্জী, কলকাতা: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় শুক্রবার গিরিশ পার্ক থানায় হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদের জন্য এ দিন তাঁকে তলব করেছিল পুলিশ। বেলা সাড়ে ১২টার পর কালীঘাটের বাড়ি থেকে রওনা দেন তিনি। দুপুর ১টা নাগাদ থানায় পৌঁছোন।
অভিষেক পৌঁছনোর অনেক আগেই থানার সামনে ভিড় জমাতে শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন দলের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরীও। তাঁদের বক্তব্য, সাংসদ যতক্ষণ থানার ভিতরে থাকবেন, ততক্ষণ তাঁরা বাইরেই অপেক্ষা করবেন। পুলিশকে ব্যবহার করে রাজনৈতিক কারণে অভিষেককে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা।
অভিষেক থানায় ঢোকার পরই তাঁর সমর্থনে স্লোগান দিতে থাকেন কালীঘাটপন্থী সমর্থকরা। কিছুক্ষণ পর সেখানে পৌঁছে যান বিজেপি সমর্থকরাও। তাঁরা অভিষেক এবং কালীঘাটের তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। দু’পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ে সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, অবিলম্বে পুলিশের হস্তক্ষেপ দরকার।
কী অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
নাম না করে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে। অভিযোগ, তিনি পুলিশকে হুমকি দিয়েছেন। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে এক মহিলা গিরিশ পার্ক থানায় যান। তাঁর অভিযোগের ভিত্তিতেই এফআইআর রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
এর আগেও পুলিশকে হুমকি দেওয়া এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে ব্যক্তিগত ভাবে আক্রমণের অভিযোগ উঠেছিল অভিষেকের বিরুদ্ধে। গত অক্টোবরে তাঁকে বলতে শোনা গিয়েছিল, পক্ষপাতদুষ্ট পুলিশ আধিকারিকদের নাম লিখে রাখা হচ্ছে। পরে সব হিসাব নেওয়া হবে। অভিষেক আরও বলেছিলেন, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের সঙ্গে কোন আইনজীবীর সম্পর্ক রয়েছে, তা সবার জানা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুশি করতে তৃণমূল নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। সেই সব মন্তব্যের জেরেই তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। গিরিশ পার্ক থানায় জিজ্ঞাসাবাদেও সেই সব মন্তব্যের প্রসঙ্গ উঠতে পারে বলে মনে করা হচ্ছে।