ওঙ্কার ডেস্ক: রাতের মেট্রোয় ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন। অফিস থেকে বাড়ি ফেরার পথে এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁকে পিছন থেকে স্পর্শ করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করেও লাভ হয়নি। শেষ পর্যন্ত সহযাত্রীদের হস্তক্ষেপে রবীন্দ্র সদন স্টেশনে অভিযুক্তকে নামিয়ে দেওয়া হয়। পরে কবি নজরুল স্টেশনে অভিযোগ জানাতে গিয়েও সাহায্য পাননি ওই সাংবাদিক। শেষ পর্যন্ত শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।
অভিযোগকারিণী পেশায় সাংবাদিক। তাঁর বাড়ি গড়িয়ায়। কর্মস্থল চাঁদনি চক এলাকায়। তাঁর দাবি, বৃহস্পতিবার রাত ৮টা ৫৭ মিনিটে চাঁদনি চক স্টেশন থেকে মেট্রোয় ওঠেন তিনি। গন্তব্য ছিল কবি নজরুল স্টেশন। পরের স্টেশন এসপ্ল্যানেড থেকে এক যুবক মেট্রোয় ওঠেন। এরপর মহিলাদের জন্য সংরক্ষিত আসনের কাছে তাঁর ঠিক পিছনে এসে দাঁড়ান ওই ব্যক্তি। অভিযোগ, কিছুক্ষণ পরেই অস্বস্তি অনুভব করেন ওই মহিলা। পিছনে ফিরে তাকাতেই তাঁর নজরে আসে যুবকের হাত। তাঁর দাবি, ওই ব্যক্তির হাত ধীরে ধীরে তাঁর পিঠের উপর দিয়ে নামছিল। অভিযুক্তের ট্রাউজ়ারের চেনও খোলা ছিল বলে অভিযোগ করেছেন তিনি। বিষয়টি বুঝতে পেরেই প্রতিবাদ করেন ওই সাংবাদিক। কিন্তু তাতেও অভিযুক্তের আচরণে কোনও পরিবর্তন হয়নি।
এরপর চিৎকার শুরু করেন মহিলা। তাঁর আওয়াজ শুনে কয়েকজন সহযাত্রীও প্রতিবাদে এগিয়ে আসেন। শেষ পর্যন্ত রবীন্দ্র সদন স্টেশনে অভিযুক্তকে মেট্রো থেকে নামিয়ে দেন কয়েকজন যাত্রী। তবে এখানেই শেষ হয়নি ভোগান্তি। অভিযোগকারিণীর বক্তব্য, রাত ৯টা ২৪ মিনিটে কবি নজরুল স্টেশনে পৌঁছে মেট্রো কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে যান তিনি। কিন্তু সেখানে কেউ তাঁর অভিযোগকে গুরুত্ব দেননি। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, তাঁদের কাছে এই সংক্রান্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।
মেট্রো সূত্রে জানানো হয়েছে, কলকাতা পুলিশের তরফে ইতিমধ্যেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার তদন্তের জন্য সিসিটিভি ফুটেজও চাওয়া হয়েছে। পুলিশকে সবরকম সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা সাংবাদিক। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।