ওঙ্কার ডেস্ক: স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এই সন্দেহে স্বামীর বান্ধবীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে সুপারি কিলার নিয়োগ করলেন মহিলা। মহারাষ্ট্রের ওই গৃহবধূ এজন্য খরচ করেছিলেন ১৩ লক্ষ টাকা। সে রাজ্যের গোন্দিয়া জেলায় এয়ার ইন্ডিয়ার ৩৫ বছর বয়সি কর্মী বর্ষা তুরকরের হত্যাকাণ্ডের তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় মূল অভিযুক্ত মহিলা-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও পলাতক আরও দুই অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, বর্ষা পুনে বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার কর্মী ছিলেন। গত ১৪ নভেম্বর তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়। মোটরবাইকে চেপে আসা তিন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। প্রথমে ঘটনাটিকে জঙ্গলের নির্জন এলাকায় ছিনতাইয়ের ঘটনা বলে মনে করা হয়েছিল। কিন্তু তদন্ত যত এগিয়েছে, ততই সামনে এসেছে সুপরিকল্পিত হত্যার ছক। তদন্তকারীদের দাবি, স্বামীর সঙ্গে বর্ষার ঘনিষ্ঠতা নিয়ে সন্দেহ ছিল ৪১ বছর বয়সি মোনা আগরওয়ালের। তাঁর স্বামী নীতেশ আগরওয়ালের সঙ্গে বর্ষার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে মনে করতেন মোনা। সেই আক্রোশ থেকেই বর্ষাকে খুনের পরিকল্পনা করেন তিনি। এজন্য ১৩ লক্ষ টাকার বিনিময়ে খুনের বরাত দেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, প্রথমে নিজের প্রতিবেশী ৩১ বছর বয়সি কুণাল শ্যামল কুম্ভলকরের সঙ্গে যোগাযোগ করেন মোনা। কুণাল এরপর ৩৩ বছর বয়সি শাহরুখ খান ফিরোজ খান পাঠানের সাহায্য নেন। শাহরুখ আবার তিন জনকে খুনের দায়িত্ব দেয়। এভাবেই তৈরি হয় হত্যার পরিকল্পনা।
গত ১৪ নভেম্বর নীতেশের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন বর্ষা। গোন্দিয়া থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তিরোড়ায় গিয়েছিলেন তাঁরা। ফেরার পথে সন্ধ্যায় বন্ডরানি জঙ্গলের একটি শিবমন্দিরের কাছে গাড়ি থামান দু’জন। সেই সময় মোটরবাইকে করে সেখানে পৌঁছয় তিন আততায়ী। বর্ষাকে লক্ষ্য করে এলোপাথাড়ি ছুরি চালায় তারা। তাঁর পেট ও পিঠে একাধিক আঘাত লাগে। গুরুতর জখম অবস্থায় বর্ষাকে মধ্যপ্রদেশের সীমান্তবর্তী একটি সরকারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নীতেশ পুলিশকে জানিয়েছিলেন, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালিয়েছে। কিন্তু ঘটনাস্থলে বর্ষার সোনার হার ও অন্যান্য গয়না অক্ষত ছিল। ফলে ছিনতাইয়ের তত্ত্ব নিয়ে সন্দেহ তৈরি হয় তদন্তকারীদের। এরপর হামলার ধরন ও পরিস্থিতি খতিয়ে দেখে পূর্বপরিকল্পিত খুনের সম্ভাবনা জোরালো হয়।
তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে পুলিশের। নীতেশ যে গাড়িটি চালাচ্ছিলেন, সেটি তাঁর স্ত্রী মোনার নামে নথিভুক্ত ছিল। অভিযোগ, গাড়ির টয়োটা আই-কানেক্ট জিপিএস অ্যাপের লগইন তথ্য আততায়ীদের মোবাইলে সক্রিয় করে দিয়েছিলেন মোনা। এর ফলে দূর থেকেই গাড়িটির অবস্থান জানতে পারছিল দুষ্কৃতীরা। নীতেশ ও বর্ষার গতিবিধির উপর নজর রাখছিল তারা। বন্ডরানি জঙ্গলের নির্জন জায়গায় গাড়ি থামতেই সেখানে পৌঁছে যায় আততায়ীরা। এরপরই বর্ষার উপর হামলা চালানো হয়। হত্যার কিনারা করতে গোন্দিয়া পুলিশ প্রায় ২০০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে। অপরাধস্থল থেকে তিরোড়া, খৈরলাঞ্জি, ওয়ারাসিওনি, বালাঘাট ও গোন্দিয়া যাওয়ার বিভিন্ন রাস্তার ক্যামেরা খতিয়ে দেখা হয়। সেই ফুটেজে নীতেশের গাড়ির পিছনে একটি মোটরবাইককে যেতে দেখা যায়। তাতেই তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মেলে। গত ১৯ নভেম্বর গোন্দিয়া থেকে ২৬ বছর বয়সি ইমরান করিম শেখকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় সে গোটা ষড়যন্ত্রের বিষয়ে তথ্য দেয় বলে দাবি তদন্তকারীদের। এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের তালিকায় রয়েছেন মোনা আগরওয়াল, কুণাল কুম্ভলকর, শাহরুখ পাঠান এবং ইমরান শেখ। অন্যদিকে নালেন ওরফে নায়লা শেখ (২৪) এবং কৃষ রাউত (১৯) নামে আরও দুই অভিযুক্তের খোঁজ চলছে।