ওঙ্কার ডেস্ক: দীর্ঘদিনের ভারত-নেপাল সম্পর্ক আরও মজবুত করতে দিল্লি সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। আগামী ২২ নভেম্বর রবিবার দু’দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পা রাখবেন তিনি। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন শাহ। সেখানে দুই দেশের পারস্পরিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা। মার্চ মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ভারত সফরে আসছেন বালেন্দ্র শাহ।
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণেই ২২ ও ২৩ নভেম্বর ভারত সফর করবেন নেপালের প্রধানমন্ত্রী। এই সফর দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতিতে নেপালের গুরুত্বও এই সফরের মাধ্যমে প্রতিফলিত হবে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
ভৌগোলিক ও কৌশলগত কারণে ভারতের কাছে নেপালের গুরুত্ব যথেষ্ট। ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত যোগসূত্রের পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে। বিদেশ মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, বাণিজ্য, উন্নয়নমূলক সহযোগিতা, বিদ্যুৎ, জলসম্পদ এবং সড়ক ও ডিজিটাল যোগাযোগের মতো ক্ষেত্রে ভারত-নেপাল অংশীদারিত্ব ক্রমশ বিস্তৃত হচ্ছে। স্থলবেষ্টিত দেশ হওয়ায় পণ্য পরিবহণ ও বাণিজ্যের ক্ষেত্রে ভারতের উপর অনেকটাই নির্ভরশীল নেপাল। সমুদ্রবন্দরে পৌঁছনোর জন্যও ভারতের ভূখণ্ড ব্যবহার করতে হয় তাদের। নেপালের প্রয়োজনীয় পণ্যের বড় অংশ ভারত থেকে আমদানি করা হয়। ফলে দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব অপরিসীম।
তবে সাম্প্রতিক সময়ে সীমান্ত বিবাদকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল। গত মে মাসে ভারত-নেপাল সীমান্ত সমস্যা মেটাতে চিন ও ব্রিটেনের হস্তক্ষেপ চেয়েছিলেন বালেন্দ্র শাহ। তার কয়েক দিন পরই এই প্রস্তাব খারিজ করে দেয় নয়াদিল্লি। ভারতের স্পষ্ট বক্তব্য ছিল, সীমান্ত সমস্যা সমাধানে তৃতীয় কোনও দেশের ভূমিকার প্রয়োজন নেই। এই বিষয়টি নিয়ে ভারত ও নেপালের মধ্যে আগে থেকেই দ্বিপাক্ষিক আলোচনার ব্যবস্থা রয়েছে।