নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: ঘূর্ণিঝড় অ্য়কভানের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে শুক্রবার ভোররাত থেকেই। তার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই লাগাতার বৃষ্টিতে ভিজছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দুই চব্বিশ পরগনা, নদিয়া, কলকাতা, হাওড়া ও দুই মেদিনীপুরে। এই পরিস্থিতিতে সবচেয়ে দুশ্চিন্তায় রয়েছেন জেলার ধানচাষিরা। মাঠে পাকা ধান, এই সময়ের এই অকাল বৃষ্টি সব শেষ করে দিতে পারে বলে আশঙ্কায় প্রহর গুনছেন তাঁরা।
জেলার বিস্তীর্ণ এলাকায় এখন আমন ধান কাটার মরশুম। কোথাও ধান কাটা হয়ে গেছে, কোথাও মাঠেই পড়ে আছে কাটা ধান। কোথাও আবার ধান এখনও গাছে দাঁড়িয়ে। এই অবস্থায় লাগাতার বৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে ধানেরই। চাষিরা বলছেন, এক-দু’ ঘণ্টার বৃষ্টি হলে তাও সামলানো যেত। কিন্তু সকাল থেকে লাগাতার বৃষ্টি হওয়ায় জমিতে ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে। জমিতে জল জমে থাকলে ধানগাছের গোড়া পচে যাবে। গাছ হেলে পড়বে, শিষে জল ঢুকে ধান অঙ্কুরিত হয়ে যাবে। তখন সেই ধান আর বিক্রি করা যাবে না, ঘরে তোলাও যাবে না।
যাঁরা ধান কেটে মাঠে রেখেছেন, তাঁদের অবস্থা আরও খারাপ। ভিজে ধান পচে যাচ্ছে, গাদায় জল ঢুকছে। অনেকেই তড়িঘড়ি করে ধান ঢাকার জন্য ত্রিপল খুঁজছেন, কিন্তু দমকা হাওয়ায় ত্রিপলও উড়ে যাচ্ছে। এগরা, পটাশপুর, ভগবানপুর, কাঁথি, রামনগর, খেজুরি, নন্দীগ্রাম – প্রায় সব ব্লকেই এক ছবি। মাঠের পর মাঠ জলে ভরে গিয়েছে। আলের উপর দিয়ে জল বইছে।
শুধু ধান নয়, শীতকালীন সবজিরও ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, আলুর জমিতে জল জমলে চারা পচে যাবে। সদ্য লাগানো চারা সবচেয়ে বেশি ক্ষতির মুখে। এক চাষির কথায়, “ধানটাই তো আমাদের বছরের ভরসা। এই ধান বিক্রি করেই ছেলেমেয়ের পড়াশোনা, ঋণ শোধ, সংসার চলে। এখন মাঠে জল দেখে বুক কাঁপছে।”
উৎপাদন কমে গেলে আগামী দিনে বাজারে ধান ও শীতের সবজির দাম বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যেই মাঠ থেকে ধান তোলা বন্ধ হয়ে যাওয়ায় হাটে ধানের জোগান কমতে শুরু করেছে।
দিঘায় সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সৈকতে নামতে বারণ করছে প্রশাসন। পাশাপাশি কৃষি দফতর থেকে চাষিদের জমির জল দ্রুত বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যেখানে সম্ভব, পাকা ধান দ্রুত কেটে নিরাপদ জায়গায় তুলে রাখতে বলা হচ্ছে। সমুদ্র ও জল জমা এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে।
অ্য়কভানের প্রভাব আর কতক্ষণ থাকবে, তার উপরেই এখন তাকিয়ে রয়েছেন পূর্ব মেদিনীপুরের হাজার হাজার ধানচাষি। বৃষ্টি না থামলে এবার আমনের ফলন বড় ধাক্কা খাবে, তা নিয়ে আর কোনও সন্দেহ নেই।