ওঙ্কার ডেস্ক: প্রয়াত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী। শুক্রবার উত্তরাখণ্ডের পৌড়ি গাড়ওয়াল জেলার পঞ্চুর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। পরিবার সূত্রে খবর, শুক্রবার সকাল ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়। মায়ের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে যোগী আদিত্যনাথের পরিবারে। শনিবার হরিদ্বারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।
সাবিত্রী দেবীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকবার্তা আসতে শুরু করেছে রাজনৈতিক মহল থেকে। শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। সমাজমাধ্যমের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, যোগী আদিত্যনাথের মায়ের প্রয়াণের খবর অত্যন্ত বেদনাদায়ক। মায়ের মৃত্যু জীবনের এমন এক অপূরণীয় ক্ষতি, যা কোনওভাবেই পূরণ করা সম্ভব নয়। শোকবার্তায় মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পঙ্কজ। প্রয়াত সাবিত্রী দেবীর আত্মার শান্তি কামনা করেছেন তিনি। একই সঙ্গে এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারকে দুঃখ সহ্য করার শক্তি দেওয়ার জন্য ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, সাবিত্রী দেবীর মৃত্যুসংবাদ অত্যন্ত মর্মান্তিক। মায়ের স্নেহ, আশীর্বাদ ও ভালোবাসা মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ। তাঁর চলে যাওয়া পরিবারের কাছে অপূরণীয় ক্ষতি। পুষ্কর সিং ধামি আরও জানিয়েছেন, এই শোকের মুহূর্তে যোগী আদিত্যনাথ ও তাঁর পরিবারের পাশে রয়েছেন তিনি। প্রয়াত মায়ের আত্মার শান্তি কামনার পাশাপাশি মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলার শক্তি দেওয়ার জন্য বাবা কেদারনাথের কাছে প্রার্থনা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। মায়ের প্রয়াণে শোকস্তব্ধ যোগী আদিত্যনাথের পরিবার। শোকবার্তা ও সমবেদনা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-মন্ত্রী থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা।