অর্পিতা মুখার্জী, কলকাতা: শেখ হাসিনার দল আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশে অশান্তি ক্রমশ ছড়িয়ে পড়ছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের ২৩টি জেলায় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুটি ট্রেন ও রেললাইনে আগুন দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে ১২টি বাস। পরিস্থিতি সামাল দিতে এবার আলাদা আলাদা ভাবে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি এবং বিরোধী শিবিরের জামায়াতে ইসলামী ও এনসিপি। যদিও তারেক রহমানের সরকার এই মুহূর্তে খুব মেপে পদক্ষেপ করতে চাইছে।
গোপালগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, ফেনী, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাজশাহী, নেত্রকোণা, পাবনা – প্রায় সর্বত্রই অশান্তির খবর এসেছে। এক সময় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি বলে পরিচিত গোপালগঞ্জেই সবচেয়ে বেশি উত্তেজনা।
কঠোর হতে চাইছে না তারেক সরকার
বাংলাদেশের এক প্রথমসারির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিএনপি সরকারের একাধিক সূত্র মনে করছে, এই ধারাবাহিক অশান্তির পিছনে আওয়ামী লীগের উস্কানি রয়েছে। সরকারের আশঙ্কা, এখনই কঠোর দমন-পীড়নে গেলে হাসিনার দলই রাজনৈতিক ফায়দা তুলবে। তাই অশান্তি থামাতে পাল্টা হিংসা বা রক্তপাতের পথে হাঁটতে চাইছে না তারেক প্রশাসন। বরং রাজনৈতিক ভাবেই আওয়ামী লীগের মোকাবিলা করতে চাইছে তারা। বৃহস্পতিবার ঢাকা-সহ নানা জায়গায় মিছিল করেছেন বিএনপির কর্মী-সমর্থকরা।
লালমনিরহাটে একটি প্রকল্পের উদ্বোধনে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। কারও নাম না করে তিনি বলেছেন, “যথেষ্ট হয়েছে। এই সন্ত্রাসী, অগ্নিসংযোগকারী এবং খুনিদের আমরা পরিষ্কার বার্তা দিতে চাই।” তাঁর আরও বক্তব্য, “আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আর একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যে দেশে তারা পালিয়েছে, সেখানে তাদের প্রভুরা থাকে। তারা ষড়যন্ত্র করে ওই প্রভুদের খুশি করতে চাইছে।”
বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আওয়ামী লীগকে কটাক্ষ করে বলেছেন, “জয় বাংলা এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না।”
ইউনূসের ভিটে থেকে এমপির বাড়ি, থানাতেও আগুন
ক্ষমতাচ্যুত হাসিনার ফিরে আসা নিয়ে জল্পনার মধ্যেই অশান্তি বাড়ছে। তার সঙ্গে যোগ হয়েছে পোশাকশ্রমিকদের বিক্ষোভ। বিএনপি সরকারের দাবি, ওই বিক্ষোভের পিছনেও আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের ইন্ধন রয়েছে।
বুধবার গভীর রাতে প্রাক্তন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে সেখানে বিএনপির এক সংসদ সদস্যের বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ ওঠে। বেলা ১১টা নাগাদ গোপালগঞ্জে বিএনপি সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
একই দিন দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। থানার ভিতরে থাকা পুলিশের গাড়ি-সহ বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানাতেও অগ্নিসংযোগ হয়েছিল।
নিষেধাজ্ঞা উড়িয়ে মাঠে আওয়ামী লীগ
সরকারি ভাবে বাংলাদেশে হাসিনার দলের সব কর্মসূচি নিষিদ্ধ। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে ফের মূলস্রোতের রাজনীতিতে ফিরতে মরিয়া আওয়ামী লীগ। অন্য দিকে, হাসিনার দলকে রুখতে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।
বুধবার নড়াইলে এমনই এক বিক্ষোভ মিছিলকে ঘিরে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষে তিন বিএনপি কর্মী মারা গিয়েছেন। বাসে অগ্নিসংযোগের ঘটনায় পুড়ে মৃত্যু হয়েছে এক চালকের। ঢাকায় গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার বিভিন্ন শাখা সংগঠনের ৭১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ আমলের মন্ত্রী নজরুল ইসলাম হিরু।
ট্রেন-বাস বন্ধ, পরে চালু
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। গোপালগঞ্জের ভিতর চলাচল করা ট্রেন তো বটেই, ওই জেলার উপর দিয়ে যাওয়া ট্রেনগুলিও বন্ধ থাকে। ফলে সমস্যায় পড়েন যাত্রীরা। তবে বৃহস্পতিবার রাত থেকে নতুন করে অশান্তির খবর না আসায় গোপালগঞ্জ মহাসড়ক দিয়ে ফের যান চলাচল শুরু হয়েছে।
অশান্তির জেরে বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এই রাস্তাটি গোপালগঞ্জের উপর দিয়ে গিয়েছে। প্রায় ৩৬ ঘণ্টা পর শুক্রবার সকাল থেকে ওই রাস্তা ধরে ফের দূরপাল্লার বাস চলাচল করছে।