ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াল সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘর্ষে। সৌদি আরবের রাজধানী রিয়াধের বাণিজ্যিক এলাকায় অবস্থিত বহুতল রিয়াধ টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর বিরুদ্ধে। হামলার অভিঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভবনটির। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের একাধিক স্থাপনাও। বিস্ফোরণের পর আগুনে জ্বলতে থাকা বহুতলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই দৃশ্য মনে করিয়ে দিয়েছে ২০০১ সালে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল কায়দার ভয়াবহ হামলার স্মৃতি। যদিও সৌদি প্রশাসনের দাবি, এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই।
বৃহস্পতিবার সৌদি আরবের সিভিল ডিফেন্স সংস্থা হুথি হামলার কথা নিশ্চিত করেছে। তাদের বিবৃতি অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের আঘাতে রিয়াধ টাওয়ারের পাশাপাশি সংলগ্ন কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, বহুতলের মাঝের অংশে ভয়াবহ আগুন জ্বলছে। বিস্ফোরণের অভিঘাতে ভবন থেকে কংক্রিটের টুকরোও খসে পড়ছে। এর আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছিল, রাজধানী রিয়াধে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সেই সময় রিয়াধ এবং দেশের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবিও করেছিল জোট। এই হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরবের বিদেশ মন্ত্রক। হুথি বিদ্রোহীদের নিন্দা করে মন্ত্রকের তরফে এক্স হ্যান্ডেলে বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় সম্পদ সুরক্ষিত রাখতে সৌদি আরব বদ্ধপরিকর। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের অগ্রাধিকার। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, দেশের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করার পূর্ণ আইনি অধিকার রয়েছে সৌদি আরবের।
এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করেছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামিস মুশাইত গভর্নরেট এবং আভা শহরের বাসিন্দাদের জন্য পৃথক সতর্কবার্তা পাঠানো হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলেও জানানো হয়। বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় মোট সাতটি জরুরি সতর্কবার্তা জারি হয়েছিল।