নিজস্ব সংবাদদাতা : ট্রাম্প টারিফ ইস্যুতে তুমুল বিতর্কের মধ্যে মোদীকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, “ট্রাম্পের হয়ে প্রচার করেছিল কে ?” একইসঙ্গে, মার্কিন প্রেসিডেন্টের ৫০ শতাংশ শুল্ক আরোপকে মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলে জানালেন অভিষেক।
লোকসভায় তৃণমূলের দলনেতার দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার দিল্লি রওনা দিলেন অভিষেক। যাবার পথে তিনি এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হন। ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ নিয়ে প্রশ্ন করতেই তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রীতিমতো কামান দাগলেন। বললেন, “আমাকে কেন জিজ্ঞেস করছেন ? ট্রাম্পের হয়ে প্রচার করেছিলেন কে ? ট্রাম্প গুজরাটে এসে কার জন্য প্রচার করেছিলেন ? এই শুল্কবৃদ্ধিতে ক্ষয়ক্ষতি তো হবেই। কর্মসংস্থান, অর্থনীতিতে প্রভাব পড়বে।”
এরপরই অভিষেক নিশানা করেন নির্বাচন কমিশনকে। বললেন, নির্বাচন কমিশন এক্তিয়ার বহির্ভূত কাজ করছে। বাংলার মানুষের ভোটাধিকার কাড়ার চেষ্টা করছে জাতীয় নির্বাচন কমিশন। তাঁদের ভূমিকা অত্যন্ত লজ্জাজনক এবং তাঁরা নির্লজ্জ হয়ে কাজ করছে। আর তাঁদের কাজে লাগাচ্ছে বিজেপি”।
প্রসঙ্গত, এসআইআর (SIR) নিয়ে তুমুল সংঘাতে নেমেছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি দুই ডব্লিউ বি সি এস অফিসারকে সাসপেন্ড করায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যত কামান দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দিল্লি যাওয়ার আগে একই সুরে কমিশনকে বিঁধলেন লোকসভার তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখনও বাংলার নির্বাচনের বেশ কয়েক মাস দেরি। কিন্তু বিগত এক-দেড় বছর ধরে বাংলার সরকারকে কাজ করতে দিচ্ছে না নির্বাচন কমিশন। কার্যত এক্তিয়ার বহির্ভূত কাজ করছে তাঁরা। আর এর ফায়দা লুটছে বিজেপি। অভিষেকের অভিযোগ, “বিজেপি নির্বাচন কমিশনকে নিজেদের কাজে লাগাচ্ছে, বিচারব্যবস্থাকেও লাগাচ্ছে। আর বাংলার মানুষের ভোটাধিকার কাড়ার চেষ্টা করছে”। তাঁর সাফ কথা, বাংলাকে যারা বদনাম করতে গেছে তারা জবাব পেয়েছে। ভবিষ্যতেও পাবে।
