নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দামোদর নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা। তলিয়ে গেলেন এক আদিবাসী যুবক যুবক। জানা গিয়েছে, আজ, শনিবার ঘটনাটি ঘটেছে আসানসোলের হীরাপুর থানা এলাকার বার্নপুর রিভার সাইডে। নিখোঁজ যুবক কেরাউড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন নদীতে স্নান করতে নেমেছিলেন ওই যুবক। সঙ্গে কেউ ছিলেন কিনা, তা এখনও জানা যায়নি। কিন্তু আচমকা স্নান করার সময় কোনওভাবে জলের তলায় চলে যান ওই যুবক। তারপর থেকে আর তাঁর খোঁজ পাওয়া যায়নি বলে খবর।
এরপর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ডুবুরি ও সিভিল ডিফেন্সের কর্মীরা। নিখোঁজ যুবকের সন্ধানে নদীতে লাগাতার তল্লাশি চালানো হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি। তল্লাশি অভিযান এখনও চলছে। তবে দীর্ঘক্ষণ তাঁর খোঁজ না মেলায় যুবকের প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন অনেকেই।