ওঙ্কার ডেস্ক: শনিবারটা পশ্চিমবঙ্গের কর্মসূচি সেরে সোজা বিহারে পৌঁছোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরেই দাঁড়িয়েছিলেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। দেখা হতেই দু’জনের হাসিমুখে আলিঙ্গন। সেই ছবি নিজেই পোস্ট করে মোদী জানালেন, এই দেখা হওয়াটা তাঁর ভালো লেগেছে।
এরপরই মূল অনুষ্ঠান। গঙ্গার বুকে তৈরি নতুন সেতুর উদ্বোধন। এক প্রান্তে পটনার কাচ্চি দরগা, অন্য প্রান্তে বৈশালীর বিদুপুর। মাঝখানে ৯.৭৬ কিলোমিটার লম্বা পথ। এই পথ তৈরি হতে লেগে গেল ১৪ বছর। উদ্বোধনের সময় হাতে গামছা নিয়ে নাড়তে দেখা গেল মোদীকে। গত বছর বিহারে এনডিএ-র জয়ের পর দিল্লিতে বিজেপি দফতরে ঢোকার দিনটার কথা মনে করিয়ে দিল সেই দৃশ্য। জানা গিয়েছে, সেতুর নাম রাখা হয়েছে নীতীশ কুমারের নামে। আর এখানেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।
আরজেডি নেতা তেজস্বী যাদবের বক্তব্য, কেউ বেঁচে থাকতে তাঁর নামে সাধারণত সেতু বা মূর্তি হয় না। তাঁর মতে, বিজেপি এই নামকরণের মধ্য দিয়ে বোঝাতে চাইছে, নীতীশের রাজনৈতিক পর্ব শেষ হয়ে গেছে। তেজস্বী আরও জানান, তাঁদের দলের তরফে এই সেতুর নাম স্বাধীনতা সংগ্রামী অক্ষয়বট রাইয়ের নামে রাখার কথা বলা হয়েছিল। কর্পূরী ঠাকুরের খুব কাছের লোক ছিলেন তিনি।
বিজেপির তরফে এর জবাব দিয়েছেন রাজ্য মুখপাত্র কুন্তল কৃষ্ণ। তাঁর অভিযোগ, তেজস্বী ও তাঁর পরিবারের রাজনীতি মানেই লুট। আর নীতীশের আমল থেকে বিহারে যে বদল এসেছে, এই নতুন সেতু সেটারই একটা নমুনা।