ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে হামের মতো উপসর্গ নিয়ে মৃত্যু অব্যাহত। রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে ২০২৬ সালে হামে নিশ্চিত ও সন্দেহভাজন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৫২। বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর মিলেছে।
বাংলাদেশস্বাস্থ্য অধিদফতর (ডিজিএইচএস) জানিয়েছে, নতুন মৃত্যুগুলিকে সন্দেহভাজন হামে মৃত্যু হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এর পর সন্দেহভাজন মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২৪৭। অন্যদিকে হামে নিশ্চিত মৃতের সংখ্যা ১০৫-এই অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)।
একই সময়ে বাংলাদেশে নতুন করে ১১৬২টি সন্দেহভাজন হামের ঘটনা সামনে এসেছে। এর ফলে দেশে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫৬,৫৮৬। পাশাপাশি ৭৪টি নতুন ল্যাবরেটরি-নিশ্চিত হামের ঘটনা রিপোর্ট করা হয়েছে। ফলে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬,১৩৬। ডিজিএইচএস-এর তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে বাংলাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ২,২৯,৫৩০ জন রোগী। তাঁদের মধ্যে ২,২০,৭০৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
গত মাসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামের বাড়বাড়ন্ত প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছিলেন। বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি। এখানে থেকেই ভার্চুয়াল মাধ্যমে সে দেশের সরকারের প্রতি ক্ষোভ উগরে তিনি জানান, হামের এই ‘মহামারি’ হল ‘রাষ্ট্রীয় অবহেলা’ এবং কয়েক দশকের পুরনো টিকাদান ব্যবস্থা ভেঙে পড়ার ফল।
‘দ্য সানডে গার্ডিয়ান’-কে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা অভিযোগ করেন, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রাক্তন অন্তর্বর্তী প্রশাসন রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে টিকা সংগ্রহ ব্যাহত করেছিল। এর ফলে টিকাদানে বড় ঘাটতি তৈরি হয়। তাঁর অভিযোগ, ২০২৬ সালের মার্চে বাংলাদেশের হাম-রুবেলা টিকার মজুত শেষ হয়ে গিয়েছিল। তারপর টিকাদানের হার দ্রুত কমে যায়। তিনি আরও দাবি করেন, কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে সম্পূরক টিকাদান অভিযান শুরু করতে ব্যর্থ হয়।
একইসঙ্গে হাসিনা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারেরও সমালোচনা করেন। তাঁর অভিযোগ, প্রাদুর্ভাবের ভয়াবহতা স্পষ্ট হওয়ার পরও কর্তৃপক্ষ পর্যাপ্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “প্রতিরোধযোগ্য রোগে এক হাজারের বেশি শিশুর মৃত্যু সাধারণ প্রশাসনিক ব্যর্থতা নয়।”