ওঙ্কার ডেস্ক: রবিবার মাঝরাতে কোচি থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই ৫০৪ বিমানে টেক অফের সময় আচমকা প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ হিবি ইডেন ও রাজ্যসভার সাংসদ জেবি মাদার। টেক অফের ঠিক আগে সমস্যাটি ধরা পড়ায় বিমানটিকে ফিরিয়ে আনা হয় বে-তে এবং যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে নতুন বিমানের ব্যবস্থা করা হয়, রাত ১টায় যাত্রীদের নিয়ে তা রওনা দেয়। বিমানটি ছিল এয়ারবাস এ৩২১ মডেলের।
কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র জানান, নিয়ম মেনে পাইলটরা বিমানটিকে ফেরত আনেন। হিবি ইডেন সোশ্যাল মিডিয়ায় লেখেন, “মনে হচ্ছিল রানওয়ে থেকে পিছলে যাচ্ছে। আজ এ নিয়ে তৃতীয়বার বিমানে এমন বিপত্তি ঘটল।” একইসঙ্গে জেবি মাদারও জানান, পাইলট ঘোষণা করেন এই বিমান আর ব্যবহার করা যাবে না, রাত ১টার দিকে নতুন বিমানে যাত্রীদের পাঠানো হবে।
এরই পাশাপাশি ইউরোপ থেকেও আসলো বিপত্তির খবর। ১৬ অগস্ট মিলান থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই ১৩৮ বিমানে টেক অফের মুখে প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ে। সঙ্গে সঙ্গে বাতিল করা হয় ফ্লাইটটি। যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। চাইলে তাঁরা সম্পূর্ণ ভাড়া ফেরত পাবেন অথবা বিনামূল্যে অন্য দিনে যাত্রা বুক করতে পারবেন।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু প্রযুক্তিগত সমস্যা নয়, ওই ফ্লাইট বাতিলের আরেকটি কারণ ছিল পাইলটদের ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন অতিক্রম হয়ে যাওয়া। সাধারণত ইউরোপমুখী যাত্রায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমান ব্যবহার করা হয়ে থাকে।
