ওঙ্কার ডেস্ক: নিম্নচাপের জেরে গত দুদিন থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলছে। বৃহস্পতিতেও সেই ধারা বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৩ শে জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। গত সপ্তাহে গরমের দাবদাহে পুড়ছিল গোটা দক্ষিণবঙ্গ। তবে চলতি সপ্তাহের শুরু থেকেই আবহাওয়া পরিবর্তনের কারণে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দক্ষিণবঙ্গবাসী। আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত কয়েকদিন এইরকমই আবহাওয়াই বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত লেগেই রয়েছে। তবে আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
