ওঙ্কার ডেস্ক: সম্প্রতি অরুণাচল প্রদেশের বাসিন্দা এক নারীকে সাংহাই বিমানবন্দরে হেনস্থা করা হয়। লন্ডন থেকে টোকিও যাওয়ার পথে তিনি চিনের সাংহাই বিমানবন্দরে নেমেছিলেন। চিনা কর্তৃপক্ষ ওই মহিলাকে ভারতীয় বলে স্বীকার করেনি। শুধু তাই নয় অরুণাচল চিনের অংশ বলে দাবি করা হয়। সেই ঘটনায় আগেই প্রতিক্রিয়া জানিয়েছিল নয়াদিল্লি। অরুণাচল প্রসঙ্গে ফের একবার বেজিংকে তোপ দাগল নয়াদিল্লি।
ভারতের বিদেশ মন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই অঞ্চলকে কেন্দ্র করে বেজিং এর সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হোক তা কাম্য নয়। চিন যেন এটা মনে রাখে। যদিও এ বিষয়ে চিনের তরফে এখনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। শীঘ্রই বেজিং প্রতিক্রিয়া দিতে পারে বলে মনে করা হচ্ছে। চিনে ঘুরতে যাওয়া ভারতীয়দের পরামর্শও দিয়েছে নয়াদিল্লি। বলা হয়েছে, চিনা কর্তৃপক্ষ নথি নিয়ে কোনও প্রশ্ন তোলার সুযোগ যাতে না পায় সেদিকে নজর রাখতে হবে। আবার যাতে যাত্রী হেনস্থা না করা হয়, সেদিকে বেজিং কর্তৃপক্ষকে দৃষ্টি দেওয়ার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। চিনকে নয়াদিল্লি মনে করিয়ে দিয়েছে, অরুণাচল প্রসঙ্গে বেজিংয়ের অবস্থান মোটেও বন্ধু সুলভ নয়।
উল্লেখ্য, ভারত ও চিন কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপন করছে। এই আবহে দুই দেশের প্রতিনিধি দল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটানোর চেষ্টা করছে। তার মাঝে অরুণাচল প্রদেশ নিয়ে চিনকে হুঁশিয়ারি দিল নয়াদিল্লি।
