ওঙ্কার ডেস্ক: উত্তর-পূর্ব রাজ্য অসমের বাসিন্দা হওয়ার কারণে মধ্যপ্রদেশে এক ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ। মধ্যপ্রদেশের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটির (আইজিএনটিইউ) হোস্টেলে এই ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, তাকে খুনের হুমকিও দেয় আক্রমণকারীরা।
রিপোর্ট অনুসারে, আক্রান্ত ছাত্রের নাম হিরোজ জ্যোতি দাস। মধ্যপ্রদেশের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটির (আইজিএনটিইউ) পড়ুয়া সে। অর্থনীতিতে এমএ করছে অসমের ওই ছাত্র। অভিযোগ, হস্টেলের কয়েক জন ছাত্র হিরোজের নাম ও কোন রাজ্য থেকে এসেছে, তা জিজ্ঞাসা করার পর নৃশংসভাবে মারধর করে। আক্রান্ত ছাত্র জানায়, ঘটনাটি ঘটে ১৩ জানুয়ারি ভোর ৪টা নাগাদ। গুরু গোবিন্দ বয়েজ হোস্টেলে নিজের ঘর থেকে বেরিয়ে শৌচাগারে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় ছয়-সাত জন ছাত্র তাকে থামিয়ে তার নাম এবং কোথা থেকে এসেছে তা জিজ্ঞাসা করতে শুরু করে। হিরোজ নিজের পরিচয় দিয়ে অসমের বাসিন্দা বলে জানায়। এফ পরেই তাকে নৃশংসভাবে মারধর করা হয় ও খুনের হুমকি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ে জখম ছাত্রকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় গৌরেলা-পেন্দ্রা-মারওয়াহি জেলা হাসপাতালে পাঠানো হয় পরে। মেডিকেল রিপোর্ট অনুসারে, ওই ছাত্রের নাকের হাড় ভেঙেছে, চোখে রক্ত জমাট বেঁধেছে। এ ছাড়া মুখ ও শরীরে একাধিক গুরুতর আঘাত রয়েছে।
অন্য দিকে, এই ঘটনার বিরোধিতা করে ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। ১৪ জানুয়ারি পড়ুয়ারা বিক্ষোভ করে বেশ কয়েক ঘণ্টা ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় ছাত্রছাত্রীরা। চাপের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করে পাঁচ জন ছাত্র—অনুরাগ পান্ডে, যতীন সিং, রণজিৎ ত্রিপাঠি, বিশাল যাদব এবং উৎকর্ষ সিংকে বহিষ্কার করেছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সম্পূর্ণ তদন্ত রিপোর্ট পুলিশের কাছে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
