ওঙ্কার ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় রিল বানানোর নেশায় এক নাবালকের উপর ভয়াবহ অত্যাচারের অভিযোগ। খাস কলকাতার গড়ফার লেনিন নগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিত কিশোরকে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনার ভিডিও করে তা দিয়ে রিলও তৈরি করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে কয়েকজন নাবালক রয়েছে বলেও জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লেনিননগরের বাসিন্দা ওই কিশোর। অভিযুক্তরাও একই এলাকার বাসিন্দা। অভিযোগ, খেলার নাম করে কয়েক জন যুবক ও নাবালক তাকে এক জায়গায় ডেকে নিয়ে যায়। প্রথমে তার মাথায় হেলমেট পরিয়ে চোখ বেঁধে দেওয়া হয়। এরপর শুরু হয় মারধর। মাথায় একের পর এক আঘাত করা হয়। অত্যাচার সহ্য করতে না পেরে কিশোরটি একসময় হেলমেট খুলে ফেলে। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা। অভিযোগ, এরপর শাস্তি দেওয়ার অজুহাতে একটি বাইক থেকে পেট্রল বের করা হয়। জোর করে কিশোরকে তা খাওয়ানোর চেষ্টা চলে। সে বাধা দিলে তার শরীরে তা ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
নির্যাতনের পুরো ঘটনা মোবাইললে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় রিল তৈরি করে অভিযুক্তরা। নৃশংস এই ঘটনার পর নির্যাতিতের পরিবারের তরফে গড়ফা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে ভাইরাল ভিডিওটিও পুলিশের নজরে আসে। এরপর অভিযান চালিয়ে মূল অভিযুক্ত অর্ঘ্য-সহ চার জনকে গ্রেপ্তার করা হয়। কেন ওই কিশোরের উপর এমন নির্মম অত্যাচার চালানো হল, তা এখনও পরিষ্কার নয়। শুধুই সোশ্যাল মিডিয়ায় রিল তৈরির নেশা, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।