ওঙ্কার ডেস্ক: নাহিদ ইসলামদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে যে অশান্তি ও হিংসার ঘটনা ঘটেছে বাংলাদেশের গোপালগঞ্জে, তাতে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩০৬ জনকে। চারটি মামলা মিলিয়ে অভিযুক্তের তালিকায় রয়েছে মোট ৩০০৮ জন।
বুধবার গোপালগঞ্জে পুলিশকে লক্ষ্য করে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগে মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। চারটি মামলায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলির কর্মী সমর্থকের নাম রয়েছে কয়েকশো। সংখ্যাটা প্রায় ৩৫৪ জন বলে খবর মিলেছে। এ ছাড়া অজ্ঞাত পরিচয় বিশিষ্ট ২ হাজার ৬৫০ জনের নামও অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে।
বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার থেকে শনিবার দুপুর পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আদালতে পেশ করেছে পুলিশ। প্রত্যেককে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বাংলাদেশের আদালত। শুধু গত ২৪ ঘণ্টায় ১১৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টি পদযাত্রার আয়োজন করেছিল। গত বুধবার সেই পদযাত্রা লক্ষ্য করে গোপালগঞ্জে হামলা চালানো হয়। অভিযোগ ওঠে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের কর্মী সমর্থকদের দিকে। মূলত গোপালগঞ্জ আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই এলাকায় সেদিনের অশান্তিতে পাঁচ জনের মৃত্যু হয়েছিল। ঘটনার পর দফায় দফায় অভিযান চালিয়ে তিন শোর বেশি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
