তরঙ্গ
জয়িতা ভট্টাচার্য
ভর সন্ধ্যাবেলা বাড়ি ফিরি।
দুটো হাত আর একটা মাথা ঝোলায় থাকে।
নকল চাঁদেরা ঝুলে থাকে বীজদণ্ড থেকে।
একদল কঙ্কাল মিছিল করে চলে যায় মোম হাতে।
বাকিরা অপেক্ষা করে ঝুল বারান্দা থেকে।
নিচে নামলেই হিমস্রোত। ডানা মেলে দিই।
ধীরে ধীরে বাগান ভরে ওঠে জ্যোৎস্নায়।
পাতায় পাতায় চুমু। গাল বেয়ে লোভ ঝরে পড়ে।
ভূমিহীন কৃষকের মতো রাত নেমে আসে
আরতির বুকে।
সে কোনো খদ্দের পায়নি আজ কেন কে জানে।
শেষ ট্রেন চলে গেলে শাওয়ারের নিচে আগুন জ্বলে।
ন্যাংটো পাগলের সঙ্গে এঁটো পাতা থেকে খুঁটে খায় ভাত।
আরতি শুয়ে থাকে বালিতে।ওর নাভিতে বাস করে জোনাকি। লোনা জল।লোনা জল।
স্রোতে গা ভাসিয়ে বেঁচে আছি শুশুক জীবনে।
চৈতন্য দাঁড়িয়ে আছে চৌরাস্তার মোড়ে।